আগেরবার আহামরি পারফরম্যান্স ছিল না চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। সেটা এক কথায় বিরাট বড় ধাক্কা ছিল দলের সমর্থকদের কাছে। সেই হতাশা ভুলে পরবর্তীতে সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল তৎকালীন কোচ ওয়েন কোয়েলের দলকে। সেই সব হতাশা ভুলে শুধরে এই সিজনে সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন এফসি।
বিভিন্ন মাধ্যমের তরফে সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক বিদেশি ফুটবলারদের নাম। দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই সফল ফুটবল ক্লাবের। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে যে বড়সড় চমক আসতে চলেছে সেই ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। কিন্তু গত কয়েক মাস আগে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে প্রবল অনিশ্চয়তা তৈরি হওয়ায় যথেষ্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল আপামর চেন্নাইয়িন ম্যানেজমেন্ট।
পরবর্তীতে ক্লিফোর্ড মিরান্ডার তত্বাবধানে এবারের সুপার কাপে নেমেছিল দল। তবে সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। গ্ৰুপ পর্বেই আটকে যেতে হয়েছিল দক্ষিণের এই দলকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। কিন্তু আসন্ন আইএসএলের আগে দলের পারফরম্যান্সের দিকে নজর রেখে বেশকিছু নতুন ফুটবলারদের যে দলের সঙ্গে যুক্ত করা হবে তা জানা ছিল সকলের। সেইমতো গত কয়েকদিনে আলবার্তো নগুয়েরা থেকে শুরু করে মহম্মদ আলি বেমামারের মতো ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট।
এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ইনিগো মার্টিন। বৃহস্পতিবার গভীর রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। পূর্বে জর্জিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব টেলাভির সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ। সেখান থেকেই এবার খেলতে আসছেন ইন্ডিয়ান সুপার লিগে।




















