ভোট-পরবর্তী উস্কানি বিতর্কে স্বস্তি পরমব্রতের! চার সপ্তাহের রক্ষাকবচ দিল হাই কোর্ট

কলকাতা: পাঁচ বছর আগের এক ফেসবুক পোস্ট ঘিরে টলিউডের দুই তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলাতেই শুক্রবার পরমব্রতকে রক্ষাকবচ দিলেন ...

By Moumita Biswas

Published:

Follow Us
calcutta high court relief parambrata chattopadhyay facebook post case

কলকাতা: পাঁচ বছর আগের এক ফেসবুক পোস্ট ঘিরে টলিউডের দুই তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলাতেই শুক্রবার পরমব্রতকে রক্ষাকবচ দিলেন হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়৷ তাঁর নির্দেশ, আগামী ৪ সপ্তাহ পরমব্রতের বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ করা যাবে না। তবে পরবর্তী শুনানির দিন রাজ্যকে এই তদন্তের প্রগতি রিপোর্ট (Status Report) আদালতে পেশ করতে হবে। (calcutta high court relief parambrata chattopadhyay facebook post case)

৫ বছর আগের পোস্ট এবং গড়িয়াহাট থানার এফআইআর

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে, বিধানসভা ভোটের ফলপ্রকাশের ঠিক পরে। অভিযোগ, সেই সময় সমাজমাধ্যমে একটি ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছিলেন পরমব্রত। আর সেই পোস্টের প্রত্যক্ষ সমর্থন করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রাজ্যে রাজনৈতিক জমানা বদলাতেই গত ২১ মে গড়িয়াহাট থানায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর দাবি, সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত ও স্বস্তিকার ওই মন্তব্যে প্রভাবিত হয়ে তৎকালীন সময়ে অনেকে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছিল এবং রাজ্যের পরিবেশ উত্তপ্ত হয়েছিল।

   

আদালতে পরমব্রতের আইনজীবীর সওয়াল

এই মামলার প্রেক্ষিতেই ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১০৯ ধারায় পরমব্রতের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। এদিন আদালতে পরমব্রতের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সওয়াল করে প্রশ্ন তোলেন, “এত দিন পর এই অভিযোগ কেন?” তিনি দাবি করেন, ওই পুরনো মন্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই এবং এর জেরে কারও কোনও ক্ষতিও হয়নি। তাই এই এফআইআর খারিজ করা হোক।

উল্লেখ্য, এই একই মামলায় পুলিশি তলব পেয়ে ইতিমধ্যেই গড়িয়াহাট থানায় হাজিরা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে তাঁকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বস্তিকার পর এবার পরমব্রতও আদালতের দরজায় কড়া নেড়ে শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেলেন। চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে ঘোরে, এখন সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google