Calcutta High Court: কলেজে অধ্যক্ষ নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মামলা দায়ের হাইকোর্টে

স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়ের মধ্যে এবার বিভিন্ন কলেজ অধ্যক্ষ নিয়োগেও নিয়মভঙ্গের অভিযোগ তুলে মামলা হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
high-court

স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়ের মধ্যে এবার বিভিন্ন কলেজ অধ্যক্ষ নিয়োগেও নিয়মভঙ্গের অভিযোগ তুলে মামলা হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। আদালতের খবর অনুযায়ী, তন্দ্রিমা চৌধুরী নামে এক জন অ্যাসোসিয়েট প্রফেসর তথা অধ্যক্ষপদ প্রার্থীর দায়ের করা ওই মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।

অভিযোগ, নিয়ম না-মেনে যেমন নিয়োগের মেধা-তালিকা তৈরি হয়েছে এবং অযোগ্যদের ঠাঁই দেওয়া হয়েছে সেই তালিকার শীর্ষে। নিয়োগের দায়িত্বে থাকা কলেজ সার্ভিস কমিশনের শীর্ষ কর্তার ঘনিষ্ঠ হওয়ায় যোগ্য প্রার্থীদের টপকে মেধা-তালিকার শীর্ষে উঠে এসেছেন ওই প্রার্থীরা।

   

কলেজে দশ বছরের শিক্ষকতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মানের পত্রিকায় গবেষণাপত্র প্রকাশ, এপিআই বা অ্যাকাডেমিক পারফরম্যান্স ইনডেক্স-সহ বিভিন্ন বিষয়ের ভিত্তিতে অধ্যক্ষপদে নিয়োগের মেধা-তালিকা প্রস্তুত করার কথা। মেধা-তালিকা প্রকাশিত হলেও কে কোন বিষয়ে কত নম্বর এবং মোট কত পেয়েছেন, তা স্পষ্ট হয়নি। কাউন্সেলিং পদ্ধতি নিয়েও নানা ধরনের অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, তন্দ্রিমা তাঁর মামলার আবেদনে দেখিয়েছেন যে, তাঁর থেকে বিভিন্ন বিষয়ে কম যোগ্যতাসম্পন্ন হয়েও মেধা-তালিকার শীর্ষে এক ব্যক্তিকে ঠাঁই দেওয়া হয়েছে। এই মামলায় সরাসরি নাম জড়িয়েছে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক করের।

নিয়োগ নিয়ে বারে বারেই অভিযোগ উঠেছে, মামলা হয়েছে। তবে কলেজ সার্ভিস কমিশনের অনেকের পর্যবেক্ষণ, এত নির্দিষ্ট ভাবে নিয়ম এবং আইনভঙ্গের অভিযোগ আগে ওঠেনি। বিষয়টি বিচারাধীন, তাই এই বিষয়ে যা বলার, আদালতেই আইনজীবীর মাধ্যমে তা বলা হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google