মাসের শুরুতেই স্বস্তি! অনেকটা কমল LPG সিলিন্ডারের দাম

কলকাতা: অগাস্ট মাসের শুরুতেই স্বস্তির বার্তা দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। দাম কমল এলপিজি সিলিন্ডারের৷ তবে গৃহস্থের জন্য নতুন করে সুখবর আসেনি৷ দাম কমেছে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস ...

By Moumita Biswas

Published:

Follow Us
LPG Cylinder Price Cut

কলকাতা: অগাস্ট মাসের শুরুতেই স্বস্তির বার্তা দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। দাম কমল এলপিজি সিলিন্ডারের৷ তবে গৃহস্থের জন্য নতুন করে সুখবর আসেনি৷ দাম কমেছে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price Cut)৷ আজ, ১ অগাস্ট থেকে ৩৩.৫০ টাকা পর্যন্ত কাটছাঁট করা হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। নতুন দাম ইতিমধ্যেই কার্যকর হয়েছে। 

কতটা কমল দাম?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)-এর ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে আজ থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৬৩১.৫০টাকা, যা আগে ছিল ১৬৬৫ টাকা। মুম্বইয়ে এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১৫৮২.৫০ টাকা (আগে ১৬১৬.৫০ টাকা) এবং চেন্নাইয়ে দাম কমে দাঁড়িয়েছে ১৭৮৯ টাকা (আগে ১৮২৩.৫০ টাকা)।

   

কলকাতায় কত দাম?

কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারিত হয়েছে ১৭৩৪.৫০ টাকা। জুলাই মাসে এর দাম ছিল ১৭৬৯ টাকা। অর্থাৎ, শহরে প্রতি সিলিন্ডার পিছু দাম কমেছে ৩৪.৫০ টাকা।

রেস্তরাঁ ও ক্যাটারিং ব্যবসার জন্য স্বস্তি

মূলত হোটেল, রেস্তরাঁ, এবং ক্যাটারিং ইন্ডাস্ট্রির মতো বাণিজ্যিক ক্ষেত্রে এই সিলিন্ডারের ব্যবহার বেশি হয়। ফলে দাম হ্রাস পাওয়ায় সেই ব্যবসায়িক খাতে কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

গৃহস্থালি গ্যাসের দাম অপরিবর্তিত

অন্যদিকে, গৃহস্থালির ব্যবহারের জন্য ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও হেরফের করা হয়নি। দিল্লিতে এই সিলিন্ডারের দাম রয়েছে ৮৫৩ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা, লখনউয়ে ৮৯০.৫০ টাকা, পটনায় ৯৪২.৫০ টাকা, হায়দরাবাদে ৯০৫ এবং গাজিয়াবাদে ৮৫০.৫০ টাকা। উল্লেখযোগ্যভাবে, গত ৮ এপ্রিলের পর থেকে গৃহস্থালি গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।

বাণিজ্যিক এলপিজির দামে এই হ্রাস সাময়িক স্বস্তি দিলেও গৃহস্থালির বাজেটে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে হোটেল-রেস্তরাঁর মতো ক্ষেত্রে খরচ কিছুটা কমবে বলেই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকেরা। এখন দেখার, আগামী মাসগুলিতে গৃহস্থালি গ্যাসের ক্ষেত্রেও এমন কোনও পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কিনা সংস্থাগুলি।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google