হেঁশেলে স্বস্তি! ১৮৩ টাকা কমল রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি: রান্নার গ্যাসের দাম নিয়ে দেশজুড়ে উদ্বেগের মাঝেই বড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়া ও ইরান সংকটের জেরে দফায় দফায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম…

Commercial LPG price hike India

নয়াদিল্লি: রান্নার গ্যাসের দাম নিয়ে দেশজুড়ে উদ্বেগের মাঝেই বড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়া ও ইরান সংকটের জেরে দফায় দফায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর পর, এবার এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ১৮৩ টাকা দাম কমাল কেন্দ্র। এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ধার্য হয়েছে ২,৯৩০ টাকা, যা আগে ছিল ৩,১১৩ টাকা। (Commercial LPG Cylinder Price Cut)

কী জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক?

পেট্রোলিয়াম মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিদেশ থেকে আমদানিকৃত এলপিজি কার্গোর সরবরাহ স্বাভাবিক হওয়ায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, যুদ্ধের প্রভাবে যে সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রে (যেমন-হোটেল ও রেস্তোরাঁ) এলপিজি সরবরাহে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।

   

সংকটের সময়কার পরিস্থিতি ও উত্তরণ

ইরান-পশ্চিম এশিয়া সংকট চলাকালীন বাণিজ্যিক এলপিজির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। জ্বালানির মজুত বজায় রাখতে কেন্দ্র বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে এবং এলপিজি সরবরাহে নিয়ন্ত্রণ নিয়ে আসে। এমনকি, সেই সময় রিফাইনারিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল বা স্ট্রিমগুলি সরিয়ে এলপিজি উৎপাদনের দিকে নজর দিতে।

কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে পেট্রোকেমিক্যাল ও অন্যান্য শিল্পে কাঁচামালের (C3-C4 স্ট্রিম) স্বাভাবিক বরাদ্দ পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। দেশীয় এলপিজি উৎপাদন প্রতিদিন ৪০,০০০ টনের ওপরে বজায় রাখা নিশ্চিত করা হবে।

ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি

মন্ত্রকের মতে, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে এলপিজি ভোক্তাদের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয়। যুদ্ধের আগের স্বাভাবিক পরিস্থিতির তুলনায় এলপিজি সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। বাল্ক বা পাইকারি এলপিজি সরবরাহ, যা সংকটের শুরুতে সম্পূর্ণ বন্ধ ছিল, তাও ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। সংকটের চরম পর্যায়ে যেখানে সরবরাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে বাণিজ্যিক জ্বালানির বাজার।