‘এবার দাদার পুলিশ আসবে’, বিজেপি নেতার মন্তব্যে চরম বিতর্ক হিঙ্গলগঞ্জে

কলকাতা: বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে ফের উসকানিমূলক মন্তব্যের জেরে সরগরম রাজ্য রাজনীতি। হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুরে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে আয়োজিত এক জনসভায় বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচনার ...

By Moumita Biswas

Published:

Follow Us
BJP leader controversial remarks

কলকাতা: বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে ফের উসকানিমূলক মন্তব্যের জেরে সরগরম রাজ্য রাজনীতি। হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুরে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে আয়োজিত এক জনসভায় বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়লেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ-সভাপতি কাশেম আলি। তাঁর ‘দাদার পুলিশ’ এবং ‘ঝাঁটা’ তত্ত্ব ঘিরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কড়া হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

মঞ্চ থেকে কী নিদান বিজেপি নেতার?

জনসভার মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারির সুরে কাশেম আলি দাবি করেন, এবারের ভোটে রাজ্যের পুলিশ নয়, বরং দিল্লি থেকে ‘দাদার পুলিশ’ (কেন্দ্রীয় বাহিনী) আসবে এবং তাদের লাঠির দৈর্ঘ্য অনেক বেশি হবে। এরপরই উপস্থিত মহিলাদের উদ্দেশে তিনি বলেন, “তৃণমূল রিগিং করতে এলে আপনারা হাতে ঝাঁটা নিয়ে তাদের হালকা করে ছুঁইয়ে পলিশ করে দেবেন, বাকিটা আমাদের কার্যকর্তারা বুঝে নেবে।”

   

আশ্চর্যের বিষয় হল, জনসভা শেষ হওয়ার পরেও সংবাদমাধ্যমের সামনে নিজের এই বিতর্কিত মন্তব্যের সপক্ষেই সুর চড়াতে দেখা যায় ওই নেতাকে।

তৃণমূলের তীব্র নিন্দা ও পালটা হুঁশিয়ারি BJP leader controversial remarks

বিজেপি নেতার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঘাসফুল শিবির। বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বুলবুল রহমান ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ভোটের মুখে দাঁড়িয়ে যিনি এই ধরনের উসকানিমূলক কথাবার্তা বলছেন, তাঁকে বলব ৪ তারিখ ভোটের ফল দেখে নিতে। জনতাই এর যোগ্য জবাব দেবে।”

পাশাপাশি, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে নির্বাচন কমিশনের কাছে এই বিজেপি নেতার বিরুদ্ধে দ্রুত ও কড়া আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন তিনি।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক পারদ ক্রমশ চড়লেও, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google