কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP candidate list)। সূত্রের খবর, এবার একসঙ্গে সব আসনের প্রার্থী ঘোষণা না করে ধাপে ধাপে তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রথম দফায় প্রায় ১৫০টি আসনের জন্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এবারের প্রার্থী তালিকায় একাধিক নতুন চমক থাকতে পারে। স্থানীয় ইস্যু, সংগঠনের শক্তি এবং প্রার্থীর জনগ্রহণযোগ্যতা এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই প্রার্থী বাছাই করছে বিজেপির সংসদীয় বোর্ড। ফলে অনেক ক্ষেত্রে পুরনো মুখের পাশাপাশি নতুন প্রার্থীদেরও সুযোগ দেওয়া হতে পারে।
আরও দেখুনঃ বাংলায় ছাড়! যোগী রাজ্যে গরুপাচারকারীকে এনকাউন্টার পুলিশের
দলীয় সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে লড়বেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুই কেন্দ্রই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় শুভেন্দুর প্রার্থিতা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর নাম সামনে এসেছে। ঘটাল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শীতল কপাট। তারকেশ্বর থেকে সন্তু পান, মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ এবং বরানগর থেকে সজল ঘোষকে প্রার্থী দাঁড় করানো হবে বলে সূত্রের খবর।
হাওড়া জেলার শিবপুর কেন্দ্র থেকেও গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে। জানা যাচ্ছে, এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়া রুদ্রনীল ঘোষকে নিয়ে দলীয় কর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও কয়েকটি কেন্দ্রে প্রার্থীর নাম নিয়ে আলোচনা চলছে। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে শিখা চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দাকে প্রার্থী করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি নজরদারি করছে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রার্থীদের নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই প্রথম দফার প্রার্থী তালিকার একটি খসড়া তৈরি হয়েছে।
তবে এখনও কিছু আসন নিয়ে দলীয় স্তরে মতভেদ রয়েছে বলে সূত্রের দাবি। সেই কারণেই বাকি আসনগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। আজ সোমবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকেই বাকি আসনগুলির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী করে ভোটের ময়দানে নামতে চাইছে। প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনী প্রচার সব ক্ষেত্রেই সুসংগঠিত কৌশল গ্রহণ করেছে দল। দলীয় সূত্রে আরও জানা গেছে, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারের মধ্যেই বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতে পারে। সেই তালিকায় একাধিক চমক থাকতে পারে বলেও ইঙ্গিত মিলছে।




















