মুম্বই: সুরের জাদুতে কোটি কোটি মানুষের মন জয় করা অরিজিৎ সিং কি তবে সত্যিই গান থামিয়ে দিচ্ছেন? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় গায়কের একটি ঘোষণা কার্যত টালমাটাল করে দিয়েছে গোটা বিনোদন জগতকে। অরিজিৎ জানিয়েছেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক বা সিনেমার গানের অ্যাসাইনমেন্ট নেবেন না। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? তা নিয়ে এবার মুখ খুললেন গায়ক নিজেই।
“আমি ক্লান্ত, নতুন কিছু করতে চাই”
নিজের এই সিদ্ধান্তকে কোনো হঠকারী পদক্ষেপ বলে মানতে নারাজ অরিজিৎ। এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে তিনি দীর্ঘ এক পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিনের চিন্তাভাবনার পরেই তিনি এই সাহস সঞ্চয় করেছেন। অরিজিৎ লেখেন, “সোজাসুজি বলতে গেলে, আমি খুব দ্রুত কোনো বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলি। সেই কারণেই আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট বারবার পরিবর্তন করি এবং লাইভ পারফর্ম করি। সত্যি কথা এটাই, আমি ক্লান্ত। বেঁচে থাকার জন্য এবার আমার অন্য ঘরানার মিউজিক নিয়ে কাজ করা প্রয়োজন।”
নতুনদের জন্য জায়গা ছাড়ার আহ্বান arijit singh directorial debut
শুধুমাত্র নিজের ক্লান্তি নয়, ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভাদের উঠে আসার সুযোগ করে দিতে চান অরিজিৎ। তিনি জানান, “আমি এবার নতুন গায়কদের কণ্ঠ শুনতে চাই, যাঁরা আমাকে সত্যি অনুপ্রাণিত করতে পারবেন।” অর্থাৎ, নিজের সাফল্যের মধ্যগগনে থেকেই অন্যদের জন্য পথ প্রশস্ত করে দিতে চান ‘তুঝে কিতনা চাহনে লাগে’ খ্যাত এই গায়ক।
এবার কি তবে পরিচালকের আসনে অরিজিৎ?
অরিজিতের এই ঘোষণাকে অনেকে ‘অবসর’ বললেও, ঘনিষ্ঠ মহলের দাবি এটি একটি সাময়িক বিরতি মাত্র। হিন্দুস্তান টাইমসের সূত্র অনুযায়ী, অরিজিৎ এখন তাঁর প্রথম পরিচালিত সিনেমা নিয়ে ব্যস্ত হতে চলেছেন। অনেকদিন ধরেই পরিচালনার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। সিনেমার গানের চাপের কারণে তিনি সেই কাজ শেষ করতে পারছিলেন না। তাই আগামী এক বছরের জন্য প্লেব্যাক থেকে দূরে থেকে নিজের পরিচালিত ছবির কাজ সম্পূর্ণ করতে চান তিনি।
আপাতত নজর লাইভ শো-তে
অরিজিতের শেষ মুক্তিপ্রাপ্ত প্লেব্যাক ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির ‘মাতৃভূমি’ গানটি। তবে সিনেমা থেকে বিরতি নিলেও ভক্তদের একেবারে নিরাশ করছেন না তিনি। জানা যাচ্ছে, তিনি লাইভ কনসার্ট চালিয়ে যাবেন এবং ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা স্বাধীন সঙ্গীত নিয়ে কাজ করবেন।
কেরিয়ারের এমন এক সোনালী সময়ে দাঁড়িয়ে অরিজিতের এই ‘সাহসী’ পদক্ষেপ কি হিন্দি গানের জগতের কোনো বড় বদলের ইঙ্গিত? উত্তর দেবে সময়। তবে আপাতত তাঁর ভক্তরা অপেক্ষায় থাকলেন গায়কের নতুন কোনো মিউজিক্যাল প্রজেক্ট বা ডিরেক্টোরিয়াল ডেবিউয়ের জন্য।




















