কলকাতা: মঙ্গলবার কলকাতায় আয়োজিত হয় ‘নাইটস আনপ্লাগড’ নামের এক প্রাক-মৌসুম অনুষ্ঠান। প্রাণবন্ত এই অনুষ্ঠানে বেশ কয়েকটি ঘোষণা করে কেকেআর। তার মধ্যে বিশেষ একটি ঘোষণা হল আন্দ্রে রাসেলের (Andre Russell,) ১২ নম্বর জার্সির অবসর। এবার থেকে দলের আর কেউ ১২ নম্বর জার্সি পরে মাঠে নামতে পারবে না।
কলকাতা নাইট রাইডার্সের-এর সিইও ভেঙ্কি মহীশূর মঞ্চে দাঁড়িয়ে রাসেলের উদ্দেশ্যে এই বিশেষ শ্রদ্ধার্ঘ্যটি উন্মোচন করেন এবং বলেন, “আপনার সম্মানে, আমরা কেকেআর-এর হয়ে এই জার্সি নম্বরটি তুলে রাখতে চাই।” এই ১২ নম্বর জার্সি পরেই অনবদ্য ইনিংস খেলেছেন রাসেল। তাঁর সেই অবদানকে সম্মান জানাতেই শাহরুখের দলের এই পদক্ষেপ।
আইপিএল নিলামের আগে থেকে রাসেলকে আর কেকেআরে দেখা যাবে না বলে জল্পনা ছড়িয়েছিল। যদিও তিনি একটি ভিডিওর মাধ্যমে তিনি নিজের অবস্থান সম্পর্কে সকলকে জানান। সেখানে তিনি স্পষ্ট করে দেন যে তিনি কেবল কেকেআর-এর হয়েই খেলবেন, নয়তো এই টুর্নামেন্টে একেবারেই খেলবেন না। বর্তমানে দ্রে রাস খেলার পরিবর্তে, দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে এক নতুন ভূমিকা গ্রহণ করেছেন। তরুণ খেলোয়াড়দের তাদের ‘ফিনিশিং’ দক্ষতা উন্নত করতে সহায়তা করছেন।
আইপিএলে নিজের যাত্রাপথের দিকে ফিরে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই বিধ্বংসী ব্যাটার। তিনি জানান, “এক দশকেরও বেশি সময় ধরে অসাধারণ সব সাফল্য অর্জিত হয়েছে; আমি দুটি শিরোপাজয়ী দলের অংশ ছিলাম। সবার কাছে এই সাফল্য কতটা অর্থবহ ছিল—তা প্রত্যক্ষ করার অনুভূতিটাই সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপ জয়ের অনুভূতিটা বিশেষ কিছু। আর যখন আইপিএল জেতা হয়, তখন সেটার আমেজটাই আলাদা। শেষবার যখন আমরা শিরোপা জিতলাম, তখন আমার চোখ ছলছল করে উঠেছিল।”
রাসেল বিগত ১২টি মরসুম ধরে কেকেআর-এর প্রতিনিধিত্ব করেছেন। এরমধ্যে দুটি চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৫ এবং ২০১৯ সালে—মোট দুবার—IPL-এর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জিতেছেন। তিনি কেকেআরের হয় ১৪০টি ম্যাচে ১৭৪.১৮ স্ট্রাইক রেটে ২,৬৫১ রান সংগ্রহ করেছেন এবং ১২৩টি উইকেট শিকার করেছেন। ২০১২-১৩ সালে দিল্লির হয়ে আইপিএলে খেলেছেন তিনি। তবে ২০১৪ সালে কেকেআরে আসার পর নিজেকে মেলে ধরেন তিনি।




















