
কলকাতা: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বিতাড়ন, কেন্দ্রের ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি বাস্তবায়নে এবার কোমর বাঁধছে সাউথ ব্লক। ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্তকে পুরোপুরি নিশ্ছিদ্র করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সদ্য ঘোষিত ‘স্মার্ট বর্ডার’ (Smart Border) প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই আবহে দেশের চার সীমান্ত রাজ্যে হাই-প্রোফাইল সফরে বেরোচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজস্থান দিয়ে আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে তাঁর এই চব্বিশ ক্যারেটের ‘শাহী’ সফর। আর আগামী ১৫ জুন তিনি পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গে। রাজ্যে জমানা বদলের পর অমিত শাহের এই সীমান্ত সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আজ থেকেই সফর শুরু, নজরে বিকানের
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সোমবার রাতেই রাজস্থানের বিকানেরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। আজ তিনি ভারত-পাক সীমান্তের ‘সাঁচু’ বিএসএফ পোস্ট পরিদর্শনের পাশাপাশি একটি ‘প্রহরী সম্মেলন’-এ যোগ দেবেন। এরপর বিকানেরে রাজস্থানের সীমান্ত লাগোয়া পাঁচ জেলার ডিএম, এসপি, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিএসএফ কর্তাদের নিয়ে মেগা বৈঠকে বসবেন তিনি। রাজস্থানের পর আগামী ২৯ মে গুজরাটের ভুজ ও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ‘হারামি নালা’ এলাকা পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ৫ জুন তাঁর গন্তব্য ত্রিপুরা।
১৫ জুন বাংলায় পা রাখছেন শাহ, শুরু ‘স্মার্ট বর্ডার’ অডিট
জুন মাসের মাঝামাঝি, অর্থাৎ ১৫ জুন ফের রাজ্যে পা দেবেন অমিত শাহ। লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় বিজেপির অন্যতম প্রধান রাজনৈতিক হাতিয়ারই ছিল অনুপ্রবেশ বন্ধ করা। রাজ্যে নতুন সরকার গঠনের পর ইতিমধ্যেই বিএসএফ-এর জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া গতি পেয়েছে। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ফাঁকফোকর ভরাট করা এবং ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পের ব্লু-প্রিন্ট খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বিশেষ মাত্রা যোগ করেছে।
জানা গিয়েছে, রাজ্যের কোনও একটি স্পর্শকাতর বিএসএফ পোস্ট সরজমিনে খতিয়ে দেখবেন শাহ। এরপর সীমান্ত লাগোয়া জেলাগুলির জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP), নবান্নের শীর্ষ আমলা এবং বিএসএফ প্রধানদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি। সীমান্তের ওপার থেকে সুপরিকল্পিতভাবে ভারতের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে দেওয়ার যে চেষ্টা চলছে, তা রুখতে স্থানীয় পুলিশ-প্রশাসনকে বিএসএফ-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কড়া বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কী এই ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প?
কয়েকদিন আগেই বিএসএফ-এর এক অনুষ্ঠানে অমিত শাহ ঘোষণা করেছিলেন, আগামী এক বছরের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে থাকা ভারতের প্রায় ৬,০০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তোলা হবে। প্রথাগত নজরদারির বদলে এই প্রকল্পে ড্রোন, অত্যাধুনিক রাডার, থার্মাল ক্যামেরা এবং সেন্সর প্রযুক্তির সমন্বয়ে একটি ‘ইম্পেনিট্রেবল সিকিউরিটি গ্রিড’ বা দুর্ভেদ্য সুরক্ষাবলয় তৈরি করা হচ্ছে। বাংলা সফরে এসে এই অত্যাধুনিক প্রযুক্তির কাজের অগ্রগতিও খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।













