‘অশান্তি করলেই উল্টো করে ঝুলিয়ে… কাদের হুমকি দিলেন শাহ?

পশ্চিম বর্ধমান: রাজ্যে পালাবদলের ডাক দিয়ে তৃণমূলের ‘দুষ্কৃতী’দের বিরুদ্ধে সুর আরও চড়াল বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মসমর্পণে’র হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই, মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কুলটির ...

By Moumita Biswas

Published:

Follow Us
Amit Shah Kulti Rally Warning

পশ্চিম বর্ধমান: রাজ্যে পালাবদলের ডাক দিয়ে তৃণমূলের ‘দুষ্কৃতী’দের বিরুদ্ধে সুর আরও চড়াল বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মসমর্পণে’র হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই, মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কুলটির জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ হুঁশিয়ারি, ভোটের দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তায় বেরিয়ে অশান্তি পাকালে, রাজ্যে নতুন সরকার গঠনের পর তাদের ‘উল্টো করে ঝুলিয়ে সোজা’ করা হবে।

শাহের ‘উল্টো ঝোলানো’র হুঁশিয়ারি

নির্বাচনী প্রচারে প্রথম থেকেই সিন্ডিকেট ও মাফিয়ারাজের অভিযোগে রাজ্য সরকারকে তীব্র নিশানা করে আসছে পদ্ম-শিবির। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর পাশাপাশি এবার ‘সবকা হিসাব’-এর ডাক দিয়েছেন মোদী-শাহেরা। প্রথম দফার ভোটের আগে কুলটির মেগা সভা থেকে সরাসরি তৃণমূল কর্মীদের উদ্দেশে অমিত শাহ বলেন, “তৃণমূলের গুন্ডা-দুষ্কৃতীদের বলছি, কান খুলে শুনে নিন। ২৩ তারিখ ভোটের দিন ঘর থেকে বেরোবেন না। বেরিয়ে ঝামেলা পাকাবেন না। তা হলে আগামী ৪ মে বিজেপি বাংলায় সরকার গড়ার পর আপনাদের কেউ বাঁচাতে পারবে না। আপনাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব।”

   

মোদীর গলায় ‘আত্মসমর্পণে’র ডাক Amit Shah Kulti Rally Warning

শাহের এই হুঙ্কারের ঠিক আগেই, গত রবিবার বাঁকুড়ার সভাতেও শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জনতাকে ‘বাঘ’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এই জনতা ফুঁসছে, আর সহ্য করবে না। নির্মম সরকার হঠাতে তারা বদ্ধপরিকর।”

মোদী কড়া ভাষায় জানান, সমস্ত সিন্ডিকেট ও মাফিয়ারা যেন ২৯ এপ্রিলের আগে, বিশেষ করে ২৩ তারিখের আগেই নিজেদের নিকটবর্তী থানায় গিয়ে যেন আত্মসমর্পণ করে। বিষ্ণুপুরের মাফিয়া এবং কয়লা পাচারকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, ৪ মে-র পর এ রাজ্যে আর এসব বেআইনি কাজ বরদাস্ত করা হবে না।

নিশানায় অনুপ্রবেশকারীরাও

গুন্ডারাজ ও সিন্ডিকেটের পাশাপাশি কুলটির সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন শাহ। আত্মবিশ্বাসের সুরে তিনি ঘোষণা করেন, আগামী ৫ মে রাজ্যে বিজেপিকে সরকার গড়তে দিলে, তার পরেই বেছে বেছে সমস্ত অনুপ্রবেশকারীকে বাংলা থেকে বিতাড়িত করা হবে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google