SSC Scam: ইডি হানায় ‘বুকে যন্ত্রণা’, ‘পেট ফেঁপে’ গেল মন্ত্রী পার্থর

আচমকা অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী চিন্তিত। সূত্রের খবর, ইডি গোয়েন্দাদের ব্যাপক তল্লাশির মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থবাবু। জানা যাচ্ছে তাঁর বুকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আচমকা অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী চিন্তিত। সূত্রের খবর, ইডি গোয়েন্দাদের ব্যাপক তল্লাশির মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থবাবু। জানা যাচ্ছে তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে। এও খবর আসছে পার্থবাবুর পেট ফেঁপেছে। সম্ভবত তাঁর গ্যাস হয়েছে। (SSC Scam)

পার্থবাবুর চিকিৎসার জন্য আইনজীবী ফোন করেছেন চিকিৎসককে। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে ইডি অভিযান চলে মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। টানা তল্লাশির মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থবাবু।

   

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ এদিন তাঁর আইনজীবী অনিন্দ্য রাউতকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বাড়ির বাইরের অপেক্ষা করছিলেন। আরও এক আইনজীবী উপস্থিত হলেও তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি এখন কেমন? তা জানা যায়নি।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে ইডি শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সহ রাজ্যের ১৩ জায়গায় একযোগে অভিযান শুরু করে। একইসঙ্গে অভিযান চলছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্যদের বাড়িতেও।

স্কুল সার্ভিস কমিশনের ব্যাপক দুর্নীতি কান্ডে আর্থিক লেনদেন হয়েছিল তা আগেই জেনেছিল সিবিআই৷ পরে সেই লেনদেনের বিষয়ে খোঁজ করতেই তদন্ত হাতে নিয়েছে ইডি৷ ইডি সূত্রে খবর, এসএসসির নিয়োগে কত টাকার দুর্নীতি হয়েছে? এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত? কত টাকার লেনদেন হয়েছে? সবটাই জানতে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা৷ সিবিআইয়ের দেওয়া সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই তদন্ত করবেন তাঁরা।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে আলাদা করে এফআইআর দায়ের করে সিবিআই। সেখানে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। আজ সকলের বাড়িতেই সকাল থেকে শুরু হয়অভিযান।

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এবং পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে উপস্থিত হয়েছেন ইডির আধিকারিকরা৷ অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে বিপুল আর্থিক লেনদেন হয়েছে। সেটা খুঁজে বের করতেই প্রথমবার রাজ্যে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান ইডির।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google