Paschim Bardhaman: তৃণমূলের অন্দরেই প্রশ্ন, ‘বিকাশরঞ্জনকে খুঁচিয়ে ভালো করলেন না দিদি’

জেলা সফরে মুখ্যমন্ত্রী পরপর শিক্ষক নিয়োগ নিয়ে বিব্রত হচ্ছেন। এবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে গিয়ে সরকারি অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সিপিআইএমের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জেলা সফরে মুখ্যমন্ত্রী পরপর শিক্ষক নিয়োগ নিয়ে বিব্রত হচ্ছেন। এবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে গিয়ে সরকারি অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সিপিআইএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ বিকাশবাবু মামলা করে চাকরি আটকে দিচ্ছেন।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরের আলোচনা, আইনজীবী বিকাশরঞ্জনকে খুঁচিয়ে ভালো করলেন না দিদি। বিকাশবাবু আইনি প্যাঁচ দিতে শুরু করলে সরকার আরও সমস্যায় পড়বে।
পোড়খাওয়া তৃণমূল নেতাদের অনেকেই ব্যক্তিগতভাবে মনে করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে জনগণের মধ্যে দল ও সরকার নিয়ে চরম বিদ্বেষ তৈরি হয়েছে। মেধাতালিকা বহির্ভূত নিয়োগ নিয়ে বিকাশরঞ্জ ভট্টাচার্যের মতো আইনজীবী সরকারটাকে নাকানি চোবানি খাওয়াচ্ছেন। আদালতে আরও করুণ হাল হবে।

   

আসানসোলে মুখ্যমন্ত্রী বলেন, ১৭ হাজার শিক্ষকের চাকরি রয়েছে আমার কাছে। কিন্তু আমি নিয়োগ করব কীভাবে? আদালত অনুমতি না দিলে নিয়োগ করা তো সম্ভব নয়। আমি বরাবরই বলেছি, সব ক্ষেত্রেই আদালতের সিদ্ধান্ত মেনে চলতে হবে।

মুখ্যমন্ত্রী নিশানা করেন, সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী বলেন, বিকাশবাবু একের পর এক মামলা করছেন। আদালত নিয়োগ বন্ধ করে দিচ্ছে। ওনার তো অর্থের কোনও অভাব নেই। কিন্তু সমস্যায় ভুগতে হচ্ছে আপনাদের। আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনাদের জন্য চাকরি আটকে যাচ্ছে আপনাদের দিতে হবে।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছেন বিকাশরঞ্জন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে বলতে চাইব দুর্নীতি একটু কম করুন, যারা টাকা দিয়েছেন তাঁদের টাকা ফেরত দিন আর মেধার ভিত্তিতে চাকরি দিন। আর আপনার যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দিন, আমি করে দিচ্ছি।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্যের পর সিপিআইএম নেতাদের কটাক্ষ শুরু হয়েছে। জেলা ও রাজ্য নেতারা বলছেন, দুর্নীতিতে জর্জরিত তৃণমূল সরকার তা জলের মতো স্পষ্ট। মুখ্যমন্ত্রী কেন যে বিকাশবাবুকে খোঁচাতে গেলেন।

পশ্চিম বর্ধমানের টিএমসি নেতারা অনেকেই বলছেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আইনি লড়াইতে পেরে ওঠার মতো কেউ নেই দলে। টিএমসির আইনজীবী অনেক নেতার স্পষ্ট বক্তব্য, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে খুঁচিয়ে দিদি ভালো করলেন না।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google