ভুল স্বীকারের পর সাফাই! মোদীর অ্যাকাউন্ট সুরক্ষায় বড় পদক্ষেপের ঘোষণা মেটার

নয়াদিল্লি: খোদ দেশের প্রধানমন্ত্রীর ভিডিয়োবার্তা ফেসবুক থেকে মুছে ফেলা বিতর্কে জল ঢালার চেষ্টা করল ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ভিডিয়ো মুছে গিয়েছিল…

নয়াদিল্লি: খোদ দেশের প্রধানমন্ত্রীর ভিডিয়োবার্তা ফেসবুক থেকে মুছে ফেলা বিতর্কে জল ঢালার চেষ্টা করল ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ভিডিয়ো মুছে গিয়েছিল বলে মেটা আগে ভুল স্বীকার ও ক্ষমা চাইলেও সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কেন্দ্র। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের সুরক্ষায় বিশেষ নজর দেওয়ার আশ্বাস দিয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল মেটা কর্তৃপক্ষ।

সূত্রের খবর, মেটার তরফে জানানো হয়েছে যে এখন থেকে ভিআইপি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্ট দেখভালের ক্ষেত্রে আরও অনেক বেশি যত্নবান হবে তারা। এই ধরনের বিশিষ্ট ব্যক্তিদের পোস্ট শুধুমাত্র মেটার উচ্চপদস্থ আধিকারিকেরাই খতিয়ে দেখবেন এবং কোনো পোস্টের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আগে বিষয়টি একাধিকবার পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এছাড়া, চলতি সপ্তাহের শেষেই মেটার একটি প্রতিনিধিদল সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে, যেখানে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Advertisements

ঠিক কী ঘটেছিল?

ছাত্রবিক্ষোভের উত্তাল পরিবেশের মধ্যেই গত বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর আইন আনতে চলেছে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভিডিয়োটি কিছু সময়ের জন্য ফেসবুক থেকে উধাও হয়ে যায়। ভিডিয়োর অংশে লেখা ভেসে ওঠে, “আইনি অনুরোধের কারণে এই পোস্টটি ভারতে পাওয়া যাচ্ছে না।”

এই ঘটনার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মেটার জননীতি সংক্রান্ত শীর্ষ আধিকারিককে তলব করা হয়। মেটা যান্ত্রিক গোলযোগ ও ভুলের কথা স্বীকার করে ক্ষমা চাইলেও বিষয়টিকে সহজভাবে নেয়নি কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, মেটার এই যুক্তি গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মাধ্যমগুলির নিয়ন্ত্রণকারী সংস্থা মেটার সঙ্গে কেন্দ্রের টানাপড়েন নতুন নয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপের ‘ইউজ়ারনেমস’ ফিচার এবং ছাত্র আন্দোলনের জেরে ছড়ানো আপত্তিকর ছবি ও ভিডিয়ো সরানোর নির্দেশ নিয়ে কেন্দ্র ও মেটার সম্পর্কে শীতলতা তৈরি হয়েছিল। তার ওপর প্রধানমন্ত্রীর পোস্ট মুছে যাওয়ার মতো ঘটনা সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে মেটার নতুন এই আশ্বাসের পর জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

অসম জুড়ে প্রলয়ঙ্করী বন্যার ক্ষত: মৃত বেড়ে ৭৮, ফের ভারী বৃষ্টির সতর্কতা

আরশোলাদের নতুন আল্টিমেটাম: যন্তর মন্তরে লোহার ব্যারিকেড, মোতায়েন ব়্যাফ