নিম্নচাপ-ভরা কোটালের জোড়া প্রভাবে উত্তাল দীঘা, সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা

দীঘা, পূর্ব মেদিনীপুর: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটালের জোড়া প্রভাবে (West Bengal Weather ) উত্তাল হয়ে উঠেছে দীঘা-তাজপুর-মন্দারমণির সমুদ্র। বুধবার সকাল থেকেই সমুদ্রের…

digha-sea-rough-low-pressure-bhora-kotal-tourists-ban-West Bengal Weather

দীঘা, পূর্ব মেদিনীপুর: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটালের জোড়া প্রভাবে (West Bengal Weather ) উত্তাল হয়ে উঠেছে দীঘা-তাজপুর-মন্দারমণির সমুদ্র। বুধবার সকাল থেকেই সমুদ্রের জল অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন। মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটকদের, পাশাপাশি সমুদ্রতট জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।

নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। এরই মধ্যে জেলার একাধিক নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। অন্যদিকে, সমুদ্রে দমকা হাওয়ার সঙ্গে উঁচু ঢেউ আছড়ে পড়ায় দীঘা উপকূলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Advertisements

পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রে নামা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে সমুদ্রতটের বিভিন্ন ঘাটে দড়ি টেনে ব্যারিকেড করা হয়েছে। নুলিয়ারা (লাইফগার্ড) মাইকিং করে পর্যটকদের বারবার সতর্ক করছেন এবং বিপজ্জনক পরিস্থিতির কথা জানাচ্ছেন।

প্রবল হাওয়ার জেরে সমুদ্রের ধারের একটি গার্ড ওয়ালের অংশ ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র উপকূলে অতিরিক্ত পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীদের মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, যেসব মাছ ধরার ট্রলার এখনও গভীর সমুদ্রে রয়েছে, তাদের দ্রুত তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন মৎস্যবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের অযথা সমুদ্রের ধারে ভিড় না করার এবং সতর্কতা মেনে চলার আবেদন জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে নামা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।