যন্তর মন্তর আন্দোলন ঘিরে ভুয়ো তথ্য, সতর্কবার্তা দিল Delhi Police

যন্তর মন্তরের আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও ডিপফেক ছড়ানোয় সতর্ক করেছে Delhi Police। তথ্য যাচাই করে তবেই শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

delhi-police-warns-against-fake-news-on-jantar-mantar-protest

নয়াদিল্লি: দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য সম্পর্কে সতর্ক করল দিল্লি পুলিশ (Delhi Police)।  শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সেন্ট্রাল জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (DCP) রোহিত রাজবীর সিং সাধারণ মানুষকে কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তা যাচাই করার আহ্বান জানান।

ডিসিপি রোহিত রাজবীর সিং বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে যন্তর মন্তরে Cockroach Janata Party-এর একটি আন্দোলন চলছে। সামাজিক মাধ্যমে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু প্রতিটি পোস্ট, ভিডিও বা ছবি সঠিক হয় না। তাই কোনও তথ্য বিশ্বাস করার আগে বা অন্যের কাছে পাঠানোর আগে অবশ্যই ফ্যাক্ট-চেক করা জরুরি।”

Advertisements

তিনি জানান, দিল্লি পুলিশ নিয়মিতভাবে সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ করছে। ভুয়ো খবর, AI-তৈরি ও ডিপফেক ভিডিও, সম্পাদিত ভিডিও ক্লিপ এবং বিভ্রান্তিকর পোস্ট সম্পর্কে পুলিশের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত তথ্য প্রকাশ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক তদন্তে এমন কিছু সামাজিক মাধ্যম অ্যাকাউন্টেরও খোঁজ মিলেছে, যেগুলি বিদেশ থেকে, বিশেষ করে পাকিস্তান থেকে পরিচালিত হয়ে আন্দোলন সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এই ধরনের অ্যাকাউন্ট চিহ্নিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে দিল্লি পুলিশের দাবি।

দিল্লি পুলিশ সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি সূত্রে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করার এবং যাচাই না করা কোনও পোস্ট বা ভিডিও শেয়ার না করার পরামর্শ দিয়েছে।  পাশাপাশি, ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়ালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।