মহিলা আন্দোলনকারীকে আপত্তিকরভাবে স্পর্শ, ভাইরাল ভিডিয়ো ঘিরে উত্তাল মুম্বই

মুম্বই: মুম্বইয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে সাদা পোশাকে থাকা এক পুলিশকর্মী আপত্তিকরভাবে টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন, এমনই একটি ভিডিয়ো ঘিরে তীব্র রাজনৈতিক তরজা…

মুম্বই: মুম্বইয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে সাদা পোশাকে থাকা এক পুলিশকর্মী আপত্তিকরভাবে টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন, এমনই একটি ভিডিয়ো ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দাদরের এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধী নেতারা। যদিও এই ভিডিয়োটিকে ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে বলে দাবি করে অভিযুক্ত পুলিশকর্মীর পাশেই দাঁড়িয়েছে মুম্বই পুলিশ।

কী রয়েছে ওই ভাইরাল ভিডিয়োয়?

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, দাদরে বিক্ষোভ চলাকালীন সাধারণ পোশাকে থাকা এক পুলিশকর্মী একদল আন্দোলনকারীর দিকে এগিয়ে যান। সেখানে এক পুরুষ বিক্ষোভকারীকে বাগে আনার চেষ্টা করার সময় হট্টগোলের মাঝে এক মহিলা আন্দোলনকারীকে আপত্তিকরভাবে ধরে টানতে থাকেন ওই কর্মী। ভিডিয়োর পরের অংশে দেখা যায়, ওই মহিলাকে ধরে টানতে টানতেই তাঁর দিকে তাকিয়ে রয়েছেন ওই পুলিশকর্মী।

Advertisements

বিরোধী নেতাদের ক্ষোভ ও আক্রমণ

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন মুম্বই কংগ্রেস সভাপতি বর্ষা গায়কোয়াদ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসবকে ট্যাগ করে তিনি লেখেন, “মুম্বই পুলিশ, এটা কী ধরনের আচরণ? একজন পুরুষ পুলিশকর্মী কেন এমনভাবে এক তরুণী আন্দোলনকারীকে হেনস্তা করবেন? মহিলা পুলিশকর্মীদের কেন দায়িত্ব দেওয়া হলো না? এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।”

অন্যদিকে, এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এনসিপি (এসসিপি) নেতা রোহিত পাওয়ার প্রশ্ন তোলেন, কোনও মহিলাকে ধরে ফেলেছেন বুঝতে পারার পরেও কেন ওই পুলিশকর্মী হাত সরিয়ে নেননি? তিনি অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করে অবিলম্বে শ্লীলতাহানির মামলা রুজু করার দাবি জানান।

পুলিশের সাফাই

বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়েছে মুম্বই পুলিশ। পুলিশের দাবি, এই ভিডিয়োটিকে অত্যন্ত ‘বেজবার্দারভাবে ও ভুলভাবে’ উপস্থাপন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা করার সময় ওই পুলিশকর্মী এক পুরুষ আন্দোলনকারীকে আটকানোর চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই ওই মহিলা আন্দোলনকারী দু’জনের মাঝখানে চলে আসেন।

পুলিশের দাবি, ওই কর্মী অন্য দিকে তাকিয়ে ছিলেন যখন মহিলাটি তাঁর সামনে আসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো ভিডিয়োটি খতিয়ে দেখেছেন এবং ওই পুলিশকর্মীর আচরণে কোনও অসদুপায় বা ভুল পাওয়া যায়নি। তবে গত দু’দিন ধরে মুম্বই পুলিশের বিভিন্ন কার্যকলাপে যেভাবে একের পর এক ভিডিয়ো সামনে আসছে, তাতে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা ও পুলিশি আচরণ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

‘হাসিনার মত দেশ ছেড়ে পালাতে হবে মোদীকে!’ বিস্ফোরক শঙ্করাচার্য

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুতায়িত বৃহৎ রেল নেটওয়ার্কের স্বীকৃতি পেল ভারতীয় রেল