বাবন আদক, কলকাতা: আর কয়েক দিনের অপেক্ষা। তারপরেই ঢাকে কাঠি পড়তে চলেছে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুমের। দলীপ ট্রফি দিয়ে শুরু হয়ে রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারে গোটা মরশুম জুড়েই থাকে তীব্র লড়াই আর বাইশ গজের রুদ্ধশ্বাস উত্তেজনা। কিন্তু বল মাঠে গড়ানোর আগেই এবার কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) । ক্রিকেটের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সাম্প্রতিক রদবদলের সঙ্গে সাযুজ্য রেখে, আসন্ন ঘরোয়া মরসুমে পাঁচটি যুগান্তকারী নিয়ম চালু করতে চলেছে বোর্ড।
আনুষ্ঠানিক ভাবে একে ‘নিয়ম বদল’ না বললেও, এই নতুন বিধানগুলি ঘরোয়া টুর্নামেন্টের গতিপ্রকৃতি এবং ট্যাকটিকাল লড়াই যে অনেকটাই বদলে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বেশি নজর কেড়েছে নো বল সংক্রান্ত কড়া নিয়মটি। সামনের পায়ে ইচ্ছাকৃত নো বল করলে আগে বোলারকে শুধুমাত্র একটি ইনিংসের জন্য নির্বাসিত করা হতো। কিন্তু নতুন নিয়মে শাস্তির মাত্রা চরম করা হয়েছে। মাঠের আম্পায়ার যদি মনে করেন বোলারের ওভারস্টেপিং সম্পূর্ণ ইচ্ছাকৃত ছিল, তবে সেই বোলারকে গোটা ম্যাচ থেকেই বল করা থেকে নিষিদ্ধ করা হবে। এই নিয়মের ফলে স্পট-ফিক্সিংয়ের মতো দুর্নীতির আশঙ্কাও কমানো সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
Also Read | বাগান অনুশীলনে দ্রাজিচ, ইস্টবেঙ্গলে দানি! ডার্বির আগে পুরোদমে প্রস্তুতি দুই প্রধানের
দ্বিতীয়ত, শেষ ওভারের রোমাঞ্চ অটুট রাখতেও তৎপর বোর্ড। দিনের খেলার শেষ ওভারে উইকেট পড়লে আগে ব্যাটিং দলকে বাড়তি সুবিধা দিতে অনেক সময় খেলা সেখানেই শেষ ঘোষণা করা হতো। এখন থেকে সেই অন্যায্য সুবিধার পথ পুরোপুরি বন্ধ। নতুন ব্যাটারকে ক্রিজে আসতেই হবে এবং দিনের ওভারের বাকি বলগুলি খেলতেই হবে।
তৃতীয়ত, ম্যাচে কোনও ফলাফলের সম্ভাবনা না থাকলে অনেক সময় আগেভাগেই চতুর্থ ইনিংস ডিক্লেয়ার বা খেলা শেষ করে দেওয়া হতো। নতুন নিয়মে ক্রিকেটের স্পিরিট বজায় রাখতে দিনের পুরো খেলা সম্পন্ন করা বাধ্যতামূলক। এতে কোনও দলই অযথা বাড়তি ছাড় পাবে না।
Also Read | শাহী সিদ্ধান্তে অনুপ্রবেশ রুখতে প্রথমবারের জন্য সুন্দরবন-বাংলাদেশ সীমান্তে ৯০ কিলোমিটার জুড়ে বসছে বেড়া
চতুর্থত, সম্প্রতি আইসিসি-র চালু করা নিয়মের ধাঁচে এবার থেকে ঘরোয়া এক দিনের ম্যাচেও (লিস্ট-এ ক্রিকেট) জলপানের বিরতির সময় দলের কোচ মাঠে প্রবেশ করে কৌশল বাতলে দিতে পারবেন। আধুনিক ক্রিকেটে এটি কোচদের জন্য দারুণ একটি ট্যাকটিকাল সুযোগ।
সর্বশেষ নিয়মটি উইকেটকিপারদের জন্য বেশ স্বস্তিদায়ক। বোলারের রান-আপ শুরুর সময় থেকেই কিপারের গ্লাভস স্টাম্পের পিছনে রাখার যে বাধ্যবাধকতা ছিল, তা শিথিল করা হয়েছে। বোলার বল রিলিজ করার ঠিক মুহূর্তে গ্লাভস স্টাম্পের পিছনে থাকলেই তা বৈধ বলে গণ্য হবে। রাজ্য সংস্থাগুলির কাছে বোর্ডের নির্দেশিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, এখন অপেক্ষা কেবল বল মাঠে গড়ানোর।





