কলকাতা: রাজ্যে বিদ্যুৎ চুরি তথা হুকিংয়ের অভিশাপ চিরতরে দূর করতে এবার কঠোর পদক্ষেপ নিল নতুন সরকার। বিদ্যুৎ ভবনে সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, হুকিংয়ের ক্ষেত্রে তিনি কোনোভাবেই নমনীয় হবেন না এবং এই বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে। এমনকী বিদ্যুৎ চুরি আটকাতে গিয়ে যদি কোনো রাজনৈতিক নেতা বা খোদ কোনো বিজেপি নেতার ফোন আসে, তবে তাঁদের কথাও যেন কর্মীরা না শোনেন, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। (vidyut prohori app by wbsedcl)
বিদ্যুৎ চুরি রুখতে আনল ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ
রাজ্যে বিদ্যুৎ বা হুকিংয়ের নামে বিদ্যুৎ চুরি পুরোপুরি বন্ধ করতে মঙ্গলবার একটি বিশেষ মোবাইল অ্যাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ ভবন থেকে উদ্বোধন হওয়া এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘বিদ্যুৎ প্রহরী’ বা ‘Bidyut Prahari’। মূলত সাধারণ মানুষ যাতে সহজে ও নিরাপদে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।
কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?
ডাউনলোড ও ভাষা: গুগল প্লে স্টোরে WBSEDCL-এর তৈরি এই অ্যাপটি উপলব্ধ রয়েছে। অ্যাপটি ওপেন করার পর একটি নোটিফিকেশন আসবে, যেখানে বাংলা, ইংরেজি ও হিন্দি-এই তিন ভাষাতেই এটিকে বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ দায়েরের বিভাগ: স্ক্রল করে নিচের দিকে নামলে অভিযোগ দায়েরের অপশন মিলবে। সেখানে ক্লিক করলে প্রধানত তিনটি ক্যাটেগরি পাওয়া যাবে—
১. ডিরেক্ট হুকিং (Direct Hooking)
২. মিটার ট্যাম্পারিং (Meter Tampering)
৩. ট্যাপিং ফ্রম জংশন বক্স (Tapping from Junction Box)
অভিযোগ জানানোর প্রক্রিয়া
‘ডিরেক্ট হুকিং’ বা অন্য কোনো অপশনে গিয়ে অভিযোগ জানাতে হলে নির্দিষ্ট কিছু ধাপ পার করতে হবে। প্রথমে বিদ্যুৎ চুরির জায়গার একটি ছবি তুলতে হবে, ফোনের লোকেশন ‘অন’ করতে হবে, সঠিক ডিভিশন নির্বাচন করে তা সাবমিট করতে হবে। এছাড়াও তার ছেঁড়া বা অন্যান্য বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাও এতে জানানো যাবে।
স্ট্যাটাস চেক ও বর্তমান স্থিতি
এই অ্যাপে একটি আলাদা সেকশন রয়েছে, যেখান থেকে ব্যবহারকারীরা তাঁদের দায়ের করা অভিযোগের বর্তমান স্থিতি বা ‘স্ট্যাটাস’ লাইভ ট্র্যাক করতে পারবেন। তবে প্রাথমিক পর্যায়ে এই অ্যাপের কার্যকারিতা নিয়ে কিছু আপডেট রয়েছে, যেমন-প্রাথমিকভাবে এই পরিষেবাটি কলকাতা পৌর এলাকায় চালু হয়নি বলে অ্যাপে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে, হুকিং রুখতে সরকারের এই অভিনব ও কড়া পদক্ষেপ রাজ্যবাসীর নজর কেড়েছে।
কলেজ স্ট্রিটের মেকওভার? বইপাড়া ঘুরে দেখলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল





