নয়াদিল্লি: NEET পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ১৯ দিন ধরে আমরণ অনশনে বসেছেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের অবস্থা আরও অবনতি হয়েছে। শারীরিক এই চরম প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থানে অনড় ৫৯ বছর বয়সী ওয়াংচুক। অনশন মঞ্চ থেকেই তিনি ২০ জুলাই ‘চলো সংসদ’ অভিযানের ডাক দিয়েছেন।
ক্রমশ দুর্বল হচ্ছেন ওয়াংচুক
‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র দেওয়া সর্বশেষ মেডিকেল বুলেটিন অনুযায়ী, ওয়াংচুকের ওজন গত ২৪ ঘণ্টায় ৪০০ গ্রাম কমে বর্তমানে দাঁড়িয়েছে ৫৭.১৫ কেজিতে। অনশন শুরুর পর থেকে তিনি ৯ কেজিরও বেশি ওজন হারিয়েছেন। তাঁর রক্তচাপ ১০৫/৬১ mmHg এবং রক্তে শর্করার মাত্রা ৮০ mg/dL। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি মানসিকভাবে সচেতন থাকলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।
অনশন ভাঙার আর্জি রাজনৈতিক মহলের
ওয়াংচুকের দ্রুত অবনতি হতে থাকা স্বাস্থ্যের কথা ভেবে চিন্তিত রাজনৈতিক মহল। কংগ্রেস সাংসদ শশী থারুর খোলা চিঠিতে আর্জি জানিয়েছেন, “আপনার অনশন দেশের বিবেককে জাগিয়ে তুলেছে। দয়া করে অনশন ভাঙুন।” একই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে ও অরবিন্দ কেজরিওয়াল। অভিনেতা জিনাত আমন সরকারের কাছে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন। এদিকে, দিল্লির হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরের আর্জি জানানো হয়েছে।
সরকারের নীরবতায় ক্ষোভ CJP-র
আন্দোলনকারী সংগঠন CJP-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন কোনো সংলাপ করছেন না? শিক্ষামন্ত্রীকে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না?” বুধবার সোনাম ওয়াংচুক এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে বলেন, “আমাকে অনশন ভাঙার কথা না বলে ২০ জুলাই সংসদ অভিযানে যোগ দিন।”
সংহতি ও বৃহত্তর সমর্থন
সোনাম ওয়াংচুকের লড়াইয়ে সমর্থন জানিয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অরুন্ধতী রায়, জয়তী ঘোষের মতো দেশের প্রায় ১৮০০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে তাঁরাও আন্দোলনকারীদের স্বাস্থ্য রক্ষায় অনশন কিছুটা শিথিল করার আবেদন জানিয়েছেন। এদিকে, অনশন মঞ্চে থাকা AISA নেতা নেহা, মণীশ ও আমীনের শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটজনক। ইতিমধ্যেই একাধিক ছাত্রনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগামী ২০ জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে CJP। তাদের স্পষ্ট দাবি, NEET পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেই জানিয়েছে আন্দোলনকারীরা।
বিমারু রাজ্য থেকে অর্থনীতিতে শীর্ষ তিনে! যোগীর হাতে উত্তরপ্রদেশের অনন্য উত্থান
সোনমের সঙ্গে বাম বৈঠক! মোদী সরকার নাড়াতে চিনের সঙ্গে আতাঁত-যন্তর মন্তর অপারেশন?





