শ্রীনগর: অশান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)৷ গত কয়েকদিনের অশান্তির মধ্যেই সংযম ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেন অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক (Mirwaiz Umar Farooq)। বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ও পুলিশ কর্মীদের মৃত্যুর ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক বিবৃতিতে মিরওয়াইজ বলেন, নিয়ন্ত্রণরেখার (LoC) ওপারের রাওয়ালাকোট ও পুঞ্চ-সহ বিভিন্ন এলাকায় চলতে থাকা অশান্তিতে সাধারণ নাগরিক ও পুলিশ সদস্যদের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক।
সংঘর্ষে মৃত্যু ৯ জনের
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিধানসভার ১২টি সংরক্ষিত আসন নিয়ে বিতর্ককে কেন্দ্র করে। এই আসনগুলি ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানে চলে যাওয়া কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত।
Also Read | ২০২২এ পুতিনের পরমাণু হামলায় হস্তক্ষেপ করে ইউক্রেন বাঁচিয়েছেন মোদী! দাবি পোল্যান্ডের মন্ত্রীর
কেন বিক্ষোভ?
বিক্ষোভকারীদের অভিযোগ, এই সংরক্ষিত আসনের মাধ্যমে পাকিস্তানভিত্তিক রাজনৈতিক দলগুলি ৫৩ সদস্যের পিওকে বিধানসভায় অতিরিক্ত প্রভাব বিস্তার করছে। তাই তারা এই আসনগুলি বাতিলের দাবি জানাচ্ছেন।
তবে গত জুন মাসে একটি আদালত রায় দেয় যে, এই সংরক্ষিত আসনগুলি সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং সংবিধান সংশোধন ছাড়া এগুলি বাতিল করা সম্ভব নয়। এরপর থেকেই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
Also Read | অভিষেকের জন্যই জেলে যেতে হয়েছে! বিস্ফোরক অনুব্রত, সুর মেলালেন মদন
কী বললেন মিরওয়াইজ?
মিরওয়াইজ উমর ফারুক ইসলামাবাদকে সংলাপ, সংযম এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মতপার্থক্য সংঘাতের বদলে আলোচনা, পরামর্শ এবং সমঝোতার মাধ্যমে মেটানো উচিত।
একই সঙ্গে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরিদের পরিচয়, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং সাংবিধানিক মর্যাদা নিয়ে চলা বিতর্কের প্রতিও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, এই ধরনের সংবেদনশীল বিষয় জনআস্থা বজায় রেখে এবং বিস্তৃত আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।
২৭ জুলাই নির্বাচন
উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আগামী ২৭ জুলাই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে সংরক্ষিত আসন ইস্যুতে এই অশান্তি রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।





