ICC: আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় অনুষ্ঠিত সংস্থার বার্ষিক সভায় ভবিষ্যতের ক্রিকেটকে আরও আকর্ষণীয়, প্রতিযোগিতামূলক এবং বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবুও আলোচনায় উঠে আসা বিষয়গুলো বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটের চেহারাই বদলে যেতে পারে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট। বর্তমানে ১৪ দলের অংশগ্রহণের পরিবর্তে ভবিষ্যতে ১২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ভাবনা চলছে। পাশাপাশি গ্রুপ পর্বের পর নতুন ‘সুপার সেভেন’ পর্ব যুক্ত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এই কাঠামো কার্যকর হলে প্রতিটি ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং শক্তিশালী দলগুলোর মধ্যে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যেতে পারে। আইসিসি চাইছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকেই এই নতুন ফরম্যাট চালু করতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বর্তমানে সুপার এইট পর্বের পরিবর্তে ‘সুপার টেন’ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে বড় দলগুলোর মধ্যে ম্যাচের সংখ্যা বাড়বে। বিশেষ করে ভারত-পাকিস্তানের মতো বহুল প্রতীক্ষিত লড়াই আরও বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা দর্শক আগ্রহ এবং সম্প্রচার আয়ের দিক থেকেও আইসিসির জন্য লাভজনক হতে পারে।
শুধু বিশ্বকাপ নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেললেও ভবিষ্যতে শীর্ষ চার দলকে নিয়ে সেমিফাইনাল আয়োজনের চিন্তাভাবনা চলছে। এতে শেষ পর্যন্ত আরও বেশি দল শিরোপার দৌড়ে টিকে থাকবে এবং প্রতিযোগিতার উত্তেজনা কয়েকগুণ বেড়ে যাবে। একইসঙ্গে আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ডসহ আরও কয়েকটি দলকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।
আরও একটি বড় প্রস্তাব হলো বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সেরা দলগুলোকে নিয়ে একটি বিশ্ব ক্লাব টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন। ফুটবলের ফিফা ক্লাব বিশ্বকাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজন করা হলে আইপিএল, বিগ ব্যাশ, এসএ২০, দ্য হান্ড্রেড, সিপিএল কিংবা পিএসএলের মতো লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের মুখোমুখি হতে পারে। এটি বাস্তবায়িত হলে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন এক আকর্ষণ তৈরি হবে।
এছাড়া ২০২৭-৩১ ফিউচার ট্যুর প্রোগ্রাম শেষ হওয়ার পর সাদা বলের দীর্ঘ দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে ছোট আকারের আন্তঃমহাদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এমনকি ওয়ানডে ক্রিকেটকে আরও গতিময় করতে ৫০ ওভারের পরিবর্তে ৪০ ওভারের ফরম্যাট চালুর সম্ভাবনাও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।





