বাবান আদক, কলকাতা ডেস্ক: ব্যাটে ও বলে অক্ষর প্যাটেলের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে অনায়াস জয় তুলে নিল ভারত (IND vs ENG)। ইংল্যান্ডের দেওয়া ২৫৯ রানের লক্ষ্যমাত্রা ২৮ বল বাকি থাকতেই তুলে টিম ইন্ডিয়া। প্রথমে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত অর্ধশতরান করে ভারতের জয়ের প্রধান কারিগর তিনিই। শুভমান গিলের ৮০ রান এবং ওয়াশিংটন সুন্দরের অপরাজিত হাফ সেঞ্চুরি ভারতের জয়কে আরও সহজ করে দেয়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ৪৭.৫ ওভারে ২৫৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। শুরুতেই গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং জসপ্রীত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংরেজরা। লিয়াম ডসনের ৬৮ রান কিছুটা প্রতিরোধ গড়লেও, শেষদিকে অক্ষর প্যাটেলের ৪ উইকেট ইংল্যান্ডের লোয়ার অর্ডারে ধস নামায়।
Also Read | বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মহারণ
২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জয় কখনোই তেমন চাপের মুখে পড়েনি। স্যাম কারেনের বলে রোহিত শর্মা এবং পরের ওভারেই জোফ্রা আর্চারের বলে বিরাট কোহলি এলবিডব্লিউ হয়ে দ্রুত ফিরে যান। কিন্তু অধিনায়ক শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার ১০১ রানের জুটিতে পরিস্থিতি পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। গিল ৮০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের
এরপর রান আউটের শিকার হয়ে শ্রেয়স এবং জশ টাংয়ের বলে বোল্ড হয়ে কেএল রাহুল ফিরে গেলেও আস্কিং রেট ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। বাকি রান তোলার কাজটা কোনওরকম তাড়াহুড়ো ছাড়াই সেরে ফেলেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। এই দুই অলরাউন্ডার ১০০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অক্ষর ৩৯ বলে নিজের অর্ধশতরান (৫৭ অপরাজিত) পূর্ণ করেন এবং ওয়াশিংটনও হাফ সেঞ্চুরি(৫২ অপরাজিত) করেন। সিনিয়রদের দ্রুত বিদায়ের পরেও তরুণদের এই দায়িত্বশীল পারফরম্যান্স ভারতের দাপুটে জয় নিশ্চিত করে।





