ট্রাম্পকে হত্যার নয়া ছক ইরানের? ইসরায়েলি গোয়েন্দা রিপোর্টে তীব্র চাঞ্চল্য

তেহরান: ইরানের সঙ্গে আমেরিকার সামরিক সংঘাত যখন চরম পর্যায়ে, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে নতুন এক ‘গুপ্তহত্যার ষড়যন্ত্র’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।…

Fresh Iranian Plot To Kill US President

তেহরান: ইরানের সঙ্গে আমেরিকার সামরিক সংঘাত যখন চরম পর্যায়ে, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে নতুন এক ‘গুপ্তহত্যার ষড়যন্ত্র’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। একটি প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে যে, ট্রাম্পকে খতম করার জন্য ইরান নতুন করে পরিকল্পনা আঁটছে। এই খবর প্রকাশ্যে আসার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। (Fresh Iranian Plot To Kill US President)

ইসরায়েলের গোয়েন্দা রিপোর্ট

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল সম্প্রতি আমেরিকার কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠিয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পকে সরানোর জন্য ইরান গোপনে ছক কষছে। সিএনএন-এর দাবি, বিগত কয়েক সপ্তাহ ধরেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি ট্রাম্পের প্রাণনাশের হুমকির বিষয়ে তথ্য পাচ্ছিল, তবে ইসরায়েলের দেওয়া এই সতর্কতাটিই প্রথম, যা কোনো ‘সুনির্দিষ্ট ষড়যন্ত্র’-এর দিকে ইঙ্গিত করছে। তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন, সামরিক পদক্ষেপ বাড়ানোর জন্য ট্রাম্পকে প্ররোচিত করতেও ইসরায়েল এই তথ্য ব্যবহার করতে পারে। যদিও মার্কিন গোয়েন্দারা এখনও এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রতিশোধের দীর্ঘ ইতিহাস

২০২০ সালে ট্রাম্পের নির্দেশে আইআরজিসি (IRGC)-এর কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার পর থেকেই ইরান প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল। পরবর্তীকালে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের সময়ও জনতাকে “ট্রাম্পের মৃত্যু” চেয়ে স্লোগান দিতে এবং “আমরা ট্রাম্পকে হত্যা করব” লেখা ব্যানার বহন করতে দেখা গিয়েছিল।

ট্রাম্পের প্রতিক্রিয়া

বুধবার আঙ্কারায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প নিজে হুমকির কথা স্বীকার করেন। তিনি বলেন, “তারা আমাকে অর্থাৎ মার্কিন নেতাকে খতম করতে চায়। আমি তাদের প্রতিটি তালিকায় রয়েছি। আমি ভাগ্যবান যে এখন পর্যন্ত বেঁচে আছি, কিন্তু এই ‘ক্যান্সার’কে গোড়া থেকে নির্মূল করতে হবে।” সাম্প্রতিক এই গোয়েন্দা রিপোর্ট এবং তার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্য

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে কৌশলগত মতপার্থক্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। ইরানকে পুরোপুরি কোণঠাসা করতে নেতানিয়াহু নিয়মিত ও দীর্ঘমেয়াদী হামলার পক্ষপাতী, অন্যদিকে ট্রাম্প আপাতত কিছুটা সংযত হয়ে ‘ডি-এসক্যালেশন’ বা সংঘাত কমানোর পক্ষপাতী। বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন হলেও, বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতার ফোনালাপে ফের সামরিক সমন্বয়ের বিষয়ে ঐক্যমত্য হয়েছে।

গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান ও আমেরিকার মধ্যে যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে, ট্রাম্পকে হত্যার কথিত এই নতুন ষড়যন্ত্র সেই আগুনকে আরও উসকে দিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।