‘দাদাগিরি’র বিশ্বস্বীকৃতি! আইসিসি ‘হল অফ ফেম’-এ সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে এই সম্মান পাবেন প্রাক্তন অধিনায়ক।

sourav-ganguly-inducted-into-icc-hall-of-fame

বাবান আদক, কলকাতা ডেস্ক: একসময় ভারতীয় দল বিদেশে যেত স্রেফ ‘সম্মানজনক হার’-এর প্রার্থনা নিয়ে। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার সাহস তখন যেন এক অলীক কল্পনা। ঠিক সেই সময়েই অন্ধকার ফুঁড়ে এক নতুন যুগের জন্ম দিলেন তিনি। ২০০০ সালের শুরুতে গড়পেটা বিতর্কে যখন ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড ধসে পড়েছে, ড্রেসিংরুমে শুধুই অবিশ্বাস আর হতাশা, তখন এক তরুণ অধিনায়ক এসে গোটা দেশকে শিখিয়েছিলেন, “আমরাও জিততে পারি!” তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

‘অফসাইডের ঈশ্বর’ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটকে বদলে দেওয়া ‘দাদাগিরি’কেই স্বীকৃতি দিতে চলেছে বিশ্ব ক্রিকেট। আগামী ১১ জুলাই, আইসিসির বার্ষিক সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হবে। দ্বাদশ ভারতীয় এবং দশম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে এই তালিকায় প্রবেশ করতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সৌরভের কিংবদন্তি শুধু তাঁর পরিসংখ্যানের ফ্রেমে বন্দি নয়। যদিও ১১৩ টেস্টে ৭,২১২ রান এবং ৩১১ ওয়ানডেতে ১১,৩৬৩ রান ও ১৩২ উইকেট তাঁর ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের অবিসংবাদিত প্রমাণ, কিন্তু তাঁর আসল জাদু লুকিয়ে ছিল অন্যখানে। তিনি ব্যর্থতার ভয় না পেয়ে তরুণদের পাশে দাঁড়িয়েছেন বুক চিতিয়ে। বীরেন্দ্র সেহওয়াগকে ওপেনিংয়ে তুলে আনা, হরভজন সিংয়ের হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন আক্রমণের ব্যাটন দেওয়া, কিংবা যুবরাজ, জাহির, কাইফ থেকে শুরু করে তরুণ মহেন্দ্র সিং ধোনির ওপর অগাধ আস্থা রাখা সৌরভ শুধু একটা দল গড়েননি, তিনি ভারতীয় ক্রিকেটের আগামীর ভিত গড়েছিলেন।

লর্ডসের ব্যালকনিতে সেই আইকনিক জার্সি ওড়ানোর দৃশ্য হোক, বা ইডেনে টসের সময় স্টিভ ওয়াকে অপেক্ষায় রাখা, সৌরভ মানেই ছিল এক নতুন স্পর্ধা। তিনি ভারতকে শিখিয়েছিলেন বিদেশের মাটিতে গিয়েও রাজত্ব করা যায়। ২০০২-এর ন্যাটওয়েস্ট ট্রফি জয়, ২০০৩ বিশ্বকাপের ফাইনাল, বা পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, সবজায়গাতেই রয়েছে তাঁর আগ্রাসী নেতৃত্বের অবিস্মরণীয় ছাপ।

অবসরের পরও সিএবি এবং বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় ক্রিকেটকে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। সৌরভ যে নির্ভীক মানসিকতার বীজ বুনেছিলেন, তারই শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে পরবর্তীতে রাজত্ব করেছেন ধোনি, কোহলিরা। আইসিসির এই সম্মান তাই শুধু একজন বাঁ-হাতি ব্যাটার বা সফল অধিনায়ককে নয়, বরং সেই মানুষটিকে কুর্নিশ, যিনি ভারতীয় ক্রিকেটের প্রতি গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গিটাই চিরতরে বদলে দিয়েছিলেন।