নয়াদিল্লি: ভারত মহাসাগরীয় অঞ্চলে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে তিন দিনের সরকারি সফরে সেশেলস (Seychelles) রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ হলো সেশেলসের ৫০তম স্বাধীনতা বার্ষিকী বা জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে তাঁর যোগদান। (Narendra Modi Seychelles Visit 2026)
সফরের মূল অ্যাজেন্ডা বা কর্মসূচি
এই সফরে সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে একান্ত দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদী। ভারত ও সেশেলসের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনীতি এবং প্রতিরক্ষা বিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তারিত পর্যালোচনা হবে।
বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতের বিশেষ ‘মহাসাগর’ (MAHASAGAR) দৃষ্টিভঙ্গি নিয়ে এই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে।
সরকারি কর্মসূচির পাশাপাশি সেশেলসে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর এই সেশেলস সফরকে ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।



