Manika Batra: দল থেকে ছিটকে ক্ষুব্ধ টেবিল টেনিস তারকা! চাইলেন মোদীর হস্তক্ষেপ

এশিয়ান গেমস ও কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মূল দল থেকে বাদ পড়ে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মণিকা বাত্রা। বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপও চেয়েছেন তিনি।

manika-batra-seeks-pm-modi-intervention-over-selection-row

বিট্টু দত্ত, কলকাতা: ভারতীয় টেবিল টেনিসের অন্যতম পরিচিত মুখ মণিকা বাত্রাকে (Manika Batra) এশিয়ান গেমস এবং কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের মূল দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক সাফল্য পাওয়া এই তারকা প্যাডলারকে মূল দলে না রেখে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মণিকা এবার সরাসরি সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবার এক বিবৃতিতে মণিকা স্পষ্ট জানান, তাঁর উদ্দেশ্য ঘোষিত দলে পরিবর্তন আনা নয়। তিনি কারও জায়গা দখল করে দলে ফিরতে চাইছেন না। তবে কোন ভিত্তিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি। তাঁর মতে, একজন অভিজ্ঞ ও দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়কে বাদ দেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের নির্দিষ্ট কারণ জানানো উচিত।

   

মণিকার অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। তিনি বলেন, যদি যথাযথ তথ্য ও যুক্তিসহ তাঁর প্রশ্নের উত্তর না দেওয়া হয়, তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।

Also Read |  FIFA World Cup: পানামার বিরুদ্ধে কষ্টার্জিত জয় মদ্রিচের ক্রোয়েশিয়ার

শুধু নিজের প্রসঙ্গেই নয়, মণিকা মুখ খুলেছেন বাংলার টেবিল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্যায়ের বিষয়েও। গত এশিয়ান গেমসে ঐহিকা দেশের হয়ে ঐতিহাসিক পদক জিতেছিলেন। অথচ এবার তাঁকে কোনও দলেই জায়গা দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মণিকা। তাঁর মতে, আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য পদকজয়ী একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার কারণ পরিষ্কারভাবে জানানো প্রয়োজন। না হলে খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে এবং নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে।

নির্বাচকদের যোগ্যতা নিয়েও কটাক্ষ করেছেন কমনওয়েলথ গেমসে সোনা জয়ী এই প্যাডলার। তাঁর প্রশ্ন, যারা দল নির্বাচন করছেন, তাঁদের মধ্যে কতজন অলিম্পিক বা এশিয়ান গেমসের মতো বড় প্রতিযোগিতায় খেলেছেন? এই মন্তব্যের মাধ্যমে তিনি নির্বাচক কমিটির অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তুলেছেন।

Also Read |  পরমবীর সিংকে বিদায় জানাল পাঞ্জাব, পরবর্তী গন্তব্য কোথায় জানুন

এদিকে এশিয়ান গেমসের জন্য ঘোষিত পুরুষ দলের সদস্যরা হলেন মানব ঠক্কর, মনুশ শাহ, হরমিৎ দেশাই, পায়াস জৈন এবং জি. সাথিয়ান। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে দুই বাঙালি খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য এবং রণিত ভঞ্জকে।

মহিলা দলে সুযোগ পেয়েছেন শ্রীজা আকুলা, দিয়া চিতালে, যশস্বিনী ঘোরপরে এবং বাংলার দুই তারকা সুতীর্থা মুখার্জি ও সিন্ড্রেলা দাস। অন্যদিকে মণিকা বাত্রা এবং স্বস্তিকা ঘোষকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। সবচেয়ে বড় চমক, গত এশিয়ান গেমসে সাফল্য পাওয়া ঐহিকা মুখোপাধ্যায় কোনও দলেই স্থান পাননি।

ফলে ভারতীয় টেবিল টেনিসে দল নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়েছে। মণিকার দাবি, বিষয়টি কেবল তাঁর ব্যক্তিগত হতাশার নয়, বরং দেশের খেলাধুলায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থার প্রশ্ন। এখন টেবিল টেনিস ফেডারেশন তাঁর অভিযোগের কী জবাব দেয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে ক্রীড়ামহলের।