বিনা টিকিটে ট্রেন সফর? এবার গুনতে হবে ডাবল ফাইন! কড়া পদক্ষেপ রেলের

নয়াদিল্লি: ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করার দিন এবার শেষ! অবৈধ যাত্রীদের রুখতে এবং রাজস্ব বাড়াতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রেল (Indian Railways)। রেলবোর্ডের…

Indian Railways Ticketless Travel Fine

নয়াদিল্লি: ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করার দিন এবার শেষ! অবৈধ যাত্রীদের রুখতে এবং রাজস্ব বাড়াতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রেল (Indian Railways)। রেলবোর্ডের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট ছাড়া ট্রেনে বা রেল চত্বরে ধরা পড়লেই এবার থেকে যাত্রীদের গুনতে হবে দ্বিগুণ জরিমানা। রেল সূত্রে খবর, শীঘ্রই সারা দেশে এই কড়া নিয়ম লাগু হতে চলেছে। (Indian Railways Ticketless Travel Fine)

জরিমানা ২৫০ থেকে বেড়ে ৫০০ টাকা

জন বিশ্বাস অ্যাক্ট, ২০২৬-এর (Jan Vishwas Act, 2026) আওতায় পুরনো রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ১৩৭ এবং ১৩৮ নম্বর ধারায় কড়াকড়ি আনা হয়েছে। নয়া নিয়মের ফলে বিনা টিকিটে ভ্রমণের জন্য সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

   

কাদের ‘বিনা টিকিটের যাত্রী’ ধরা হবে?

রেলের এই নতুন নিয়মের আওতায় ‘টিকিটবিহীন’ বলতে শুধুমাত্র টিকিট না কেটে ট্রেনে ওঠা যাত্রীদেরই বোঝানো হচ্ছে না। রেলের নির্দেশিকা অনুযায়ী-

কোনও যাত্রী বিনা টিকিটে রেল চত্বর বা প্ল্যাটফর্মে প্রবেশ করলে বা ঘুরে বেড়ালে, নির্দিষ্ট মেয়াদ বা তারিখ পেরিয়ে যাওয়া টিকিট কিংবা পাস নিয়ে ট্রেনে সফর করলে, উপরের এই ক্ষেত্রগুলিতেও ওই ব্যক্তিকে বিনা টিকিটের যাত্রী বলে গণ্য করা হবে এবং বর্ধিত নিয়ম অনুযায়ী তাঁকে ৫০০ টাকাই জরিমানা হিসেবে দিতে হবে।

পূর্ব রেলের রাজস্ব আদায়ে রেকর্ড বৃদ্ধি

বিনা টিকিটের যাত্রীদের রুখতে ইতিমধ্যেই চেকিং এবং নজরদারি বাড়িয়েছে পূর্ব রেল (Eastern Railway)। যার জেরে টিকিট চেকিং থেকে রাজস্ব আদায়ে বড়সড় সাফল্য এসেছে। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের মে মাসে পূর্ব রেলের টিকিট চেকিং থেকে আয় হয়েছিল ৮.৬৮ কোটি টাকা। সেখানে ২০২৬ সালের মে মাসে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩.০৫ কোটি টাকায়। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে ৫০.৪৫ শতাংশের একটি চোখধাঁধানো বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। রেল আধিকারিকদের মতে, চেকিং অভিযান জোরদার করা এবং বৈধ ভ্রমণকে উৎসাহিত করার ফলেই এই বিপুল সাফল্য মিলেছে।

যাত্রীদের উদ্দেশে রেলের বিশেষ পরামর্শ

নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রার জন্য ভারতীয় রেলের তরফে সাধারণ যাত্রীদের একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে-
১. ট্রেনে সফর বা প্ল্যাটফর্মে প্রবেশের সময় সর্বদা একটি বৈধ টিকিট সঙ্গে রাখুন।
২. টিকিটে আপনার যে গন্তব্যের উল্লেখ রয়েছে, ঠিক ততদূরই যাত্রা করুন।
৩. ট্রেন সফরের সময় সহযাত্রীদের অসুবিধা হতে পারে, এমন কোনও আচরণ বা কাজ থেকে বিরত থাকুন।