শেষ কয়েকটি ফুটবল বিশ্বকাপ থেকেই দুরন্ত পারফরম্যান্স করে আসছে জাপান (Japan)। গতবার অর্থাৎ ২০২২ কাতার বিশ্বকাপে জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল এশিয়া মহাদেশের এই ফুটবল দল।
এছাড়াও গোটা টুর্নামেন্ট জুড়ে চমকপ্রদ পারফরম্যান্স ছিল এই দলের। কাজেই এবারের এই ত্রিদেশীয় বিশ্বকাপে ও সেই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে হামিজে মোরিয়াসুর ছেলেদের। সেই মর্মে সোমবার ভারতীয় সময় রাত ১টা বেজে ৩০ মিনিট নাগাদ ডালাস স্টেডিয়ামে গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে নেমেছিল উদীয়মান সূর্যের দেশ।যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল রোনাল্ড কোমানের নেদারল্যান্ডস।
আরও দেখুনঃ https://kolkata24x7.in/west-bengal/tmc-split-as-rebel-mps-join-ncpi-and-extend-support-to-nda-govt/
সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে সেই ম্যাচ। যেখানে নেদারল্যান্ডসের হয়ে গোল পান যথাক্রমে ভার্জিল ভ্যান ডাইক ও ক্রিসেনসিল সামারভিল। অন্যদিকে, জাপানের হয়ে গোল করেন নাকামুরা এবং দাইচি কামাদা।
উল্লেখ্য, এই ম্যাচে দুইবার এগিয়ে থেকেও আটকে যেতে হয় ডাচ ফুটবলারদের। বলতে গেলে জাপানের জেদের কাছে কার্যত আটকে যায় নেদারল্যান্ডস। এদিন প্রথম থেকে দুই শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোল মুখ খোলা সম্ভব হয়নি ম্যাচের প্রথমার্ধে। গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভ্যান ডাইক।
যদিও সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এই দল। মিনিট ছয়েকের মধ্যেই দূরপাল্লার শট থেকে নেদারল্যান্ডসের গোলে বল পাঠিয়ে দিয়েছিলেন নাকামুরা। ম্যাচে ফিরতেই ধীরে ধীরে মাঝমাঠের দখল নিতে থাকে জাপান। তবে সুযোগ বুঝেই ৬৪ মিনিটের মাথায় ফের গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন সামারভিল। তারপর থেকেই জমাটবাঁধা রক্ষণে প্রতিপক্ষ দলকে আটকে দিচ্ছিলেন জান পর হেকেরা।
তবে শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। নির্ধারিত নব্বই মিনিটের শেষ লগ্নে কর্নার থেকে দুরন্ত হেড করে জাপানকে সমতায় ফিরিয়ে আনেন কামাদা। তারপর অতিরিক্ত ৬ মিনিট সময় ম্যাচ রেফারির তরফে সংযুক্ত করা হলেও বদলায়নি ম্যাচের ফলাফল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হয় এই হাইভোল্টেজ ম্যাচ।




