শুক্রবার বিধানসভা চত্বরের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসকে একের পর এক তীব্র আক্রমণ করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রভাবশালী নেতা তাপস রায় (Tapas Roy) । স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বকে নিশানা করেন। সায়নী ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই তাঁর কটাক্ষ থেকে রেহাই পাননি।
এদিন বক্তব্যের শুরুতেই সাম্প্রতিক এক ঘটনার প্রসঙ্গ টেনে সায়নী ঘোষকে আক্রমণ করেন তাপস রায়(Tapas Roy) । সম্প্রতি কলকাতা বিমানবন্দরে মাস্ক পরে তাঁকে দেখা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক বলেন, সায়নীর কিছু মন্তব্য ও অবস্থান অত্যন্ত আপত্তিকর এবং গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, রাজনৈতিক বক্তব্যের সীমা লঙ্ঘন করা হয়েছে এবং এর জন্য কোনওভাবেই ক্ষমা প্রাপ্য নয়। তাপস রায় বলেন, “এরা যা যা করেছে বা বলেছে, বিশেষ করে মহাদেব প্রসঙ্গেও যা বলেছে তা জঘন্য, নক্কারজনক। এর কোনও ক্ষমা হয় না।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
এরপরেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তীব্র কটাক্ষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছিলেন, “হয় আমায় বাছুন, না হয় অভিষেককে” এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সেই প্রসঙ্গে তাপস রায় বলেন, “ভালই হয়েছে। কল্যাণকে তো আর বাছবেন না। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত।” (Tapas Roy) তিনি এখানেই থামেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আচরণ নিয়েও কটাক্ষ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি যেভাবে বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন, তা এখন দলের অভ্যন্তরীণ বিরোধের দিকেই ইঙ্গিত করছে। তাপসের বক্তব্য, “সেই লম্বা চওড়া কথা এখন ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপি-র বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। মানুষ তো অভ্যাসের দাস। সেই অভ্যাসে এগুলো এখন দলের বিরুদ্ধে বা মমতার বিরুদ্ধে যাচ্ছে।” তবে একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছুটা ভিন্ন সুরও শোনা যায় তাঁর বক্তব্যে। তাপস রায়(Tapas Roy) বলেন, পারিবারিক সম্পর্ক ও রাজনৈতিক সম্পর্ক সবসময় এক নয়। “ব্লাড ইস থিকার দ্যান ওয়াটার” এই ইংরেজি প্রবাদ উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন যে, দলের অভ্যন্তরীণ সমীকরণ জটিল হলেও নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, তা গুরুত্বপূর্ণ।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এদিন আরও কঠোর অবস্থান নেন তাপস রায়। তিনি সরাসরি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দুর্নীতি ইস্যুতে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁর কথায়, “অভিষেকের জেলে যাওয়ার অপেক্ষায় বঙ্গবাসী।”



















