ফের বঙ্গে মোদী! ২০ জুন তারকেশ্বরে মেগা সভা, নেতাজি ইন্ডোরে করবেন যোগাভ্যাস

কলকাতা: আগামী ২০ জুন দু’দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিন তিনি অংশ নেবেন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে। উল্লেখ্য, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ ...

By Moumita Biswas

Published:

Follow Us
Narendra Modi to attend West Bengal Diwas and International Yoga Day events in Benga

কলকাতা: আগামী ২০ জুন দু’দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিন তিনি অংশ নেবেন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে। উল্লেখ্য, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করলেও, রাজ্যে ক্ষমতা বদলের পর সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে বিজেপি সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন, এবার থেকে ২০ জুন তারিখটিকেই সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে। (Narendra Modi to attend West Bengal Diwas and International Yoga Day events in Bengal)

বিজেপি সূত্রের খবর, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের মূল কর্মসূচির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে, যার পিছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে বলে দলের তরফে জানানো হচ্ছে। এই তারকেশ্বরের মেগা জনসভা থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনোত্তর ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলার মানুষকে। পাশাপাশি, এই মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ বড়সড় উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও করতে পারেন নরেন্দ্র মোদী।

   

তারকেশ্বরের কর্মসূচি শেষ করে ২০ জুন রাতেই কলকাতায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী এবং লোকভবনে তাঁর রাত্রিবাস করার কথা রয়েছে। পরদিন, অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে অংশ নেন, এবার তাঁর গন্তব্য তিলোত্তমা।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলকাতার ঐতিহ্যবাহী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবসের এই মেগা অনুষ্ঠানটি আয়োজিত হবে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের সামনে যোগাভ্যাস করবেন নরেন্দ্র মোদী। তবে দেশ ও রাজ্যের এত বড় মাপের একটি অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হতে পারে, তাই স্থান সংকুলানের কথা মাথায় রেখে নেতাজি ইন্ডোরের পাশাপাশি বিকল্প কিছু জায়গার কথাও ভাবনাচিন্তা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google