কলকাতা: নতুন সরকারের প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে শুরু হল ‘অন্নপূর্ণা যোজনা’। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানান, আজ ৩ জুন থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে ব্লক অফিস, পঞ্চায়েত, পুরসভা এবং কর্পোরেশন থেকে এই ফর্ম দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মী বা প্রতিনিধিরা সরাসরি বাড়ি বাড়ি গিয়েও এই ফর্ম পূরণ করাবেন। যারা ঘরে বসে আবেদন করতে চান, তারা অনলাইন অথবা ‘লাইভ ক্যাফে’ (সাইবার ক্যাফে) থেকেও ফর্ম পূরণ করতে পারবেন। এর পাশাপাশি, এই প্রকল্পের আওতায় মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার সুবিধা দিতে একটি করে বিশেষ ‘স্মার্ট কার্ড’ দেওয়া হবে। (Annapurna Yojana Women to Get ₹3,000 Monthly)
লক্ষ লক্ষ ভুয়ো নাম বাদ দিতেই নতুন ফর্ম
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আজ থেকেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ‘ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার’ বা ডিবিটি (DBT) মারফত টাকা পাঠানো শুরু হচ্ছে। প্রথমে বলা হয়েছিল এই প্রকল্পের জন্য নতুন করে কোনও ফর্ম লাগবে না, কিন্তু স্ক্রুটিনি বা যাচাই করতে গিয়ে দেখা যায় পূর্ববর্তী তালিকায় লক্ষ লক্ষ ভুয়ো নাম ঢুকে রয়েছে। সেই কারণেই স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত যোগ্য মহিলাদের কাছে সুবিধা পৌঁছে দিতে নতুন করে তথ্য সংগ্রহ ও ফর্ম পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফর্ম পূরণের পরই দ্রুত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আজ থেকে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে৷
অযোগ্যদের বিরুদ্ধে অভিযোগের সুযোগ
সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি কোনও অযোগ্য ব্যক্তি বা ভুল নাম এই তালিকায় ঢুকে পড়ে, তবে সাধারণ মানুষ সরাসরি সেই বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। আগামী দিনে মহিলাদের কল্যাণে আরও একগুচ্ছ নতুন পরিকল্পনা আনা হচ্ছে এবং তার জন্যই এই ফর্মের মাধ্যমে প্রকৃত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।




















