সায়ন সেনগুপ্ত, কলকাতা: লাল-হলুদ ছাড়ার সিদ্ধান্ত সায়ন বন্দোপাধ্যায়ের (Sayan Banerjee)। ২০২৩-২০২৪ মরসুমে কালীঘাট মিলন সংঘ থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেছিল এই বাঙালি ফুটবলার। বিনো জর্জের তত্ত্বাবধানে যুবদলে যথেষ্ট নজড় কেড়েছিল এই তরুণ প্রতিভা। পরবর্তীতে আর খুব একটা অসুবিধা হয়নি। অতি সহজেই সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দলে। এমনকি দলের কলিঙ্গ সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়নের। তবে গত সিজনে সিনিয়র দলে খুব একটা সুযোগ পাননি এই ফুটবলার।
যেটা কিছুটা হলেও হয়তো হতাশ করেছিল তাকে। এসবের মাঝেই গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল নয়া তথ্য। শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছাড়তে চলেছেন সায়ন। এক্ষেত্রে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। এসবের মাঝেই এবার সোমবার রাতে ইস্টবেঙ্গল নিয়ে বিশেষ পোস্ট করেন সায়ন। যেখানে কলকাতা ফুটবল লিগের পাশাপাশি সুপার কাপ ও আইএসএল ট্রফি নিয়ে ছবি আপলোড করতে দেখা যায় তাঁকে।
তিনি লেখেন, ‘ এই বার্তাটি লেখা সহজ নয়। বিগত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল আমার কাছে শুধু একটি ক্লাব নয়, বরং আমার ঘর হয়ে উঠেছে। লাল-হলুদ জার্সি পরা, আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলা এবং এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সৌভাগ্য। আমি যখন একটি নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছি, তখন ক্লাবের সাথে যুক্ত প্রত্যেককে—আমার সতীর্থ, কোচ, কর্মী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সর্বোপরি, সমর্থকদের আমার অন্তরের অন্তস্তলে ধন্যবাদ জানাতে চাই।’
আরও লেখেন, ‘ আমি জানি এই সিদ্ধান্তটি আপনাদের অনেককে হতাশ করতে পারে। যদি এতে আপনারা কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে জানবেন যে, এই সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া হয়নি। ফুটবল ক্যারিয়ার স্বল্পস্থায়ী হয়, এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নতির জন্য কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি যেখানেই যাই না কেন, ইস্টবেঙ্গলের অনুগত সমর্থকদের কাছ থেকে পাওয়া স্মৃতি, ভালোবাসা এবং সমর্থন চিরকাল আমার সাথে থাকবে। তাদের স্লোগান, আবেগ, জয়, এমনকি কঠিন মুহূর্তগুলোও আমাকে আজকের এই মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমার পাশে থাকার জন্য এবং আমাকে আপন করে নেওয়ার জন্য ধন্যবাদ।’




















