সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের পরাজয়। বৃথা লড়াই চলল বিক্রমপ্রতাপ সিংদের। আজ, শনিবার সন্ধ্যায় ইউনিটি কাপের (Unity Cup) তৃতীয় স্থান অধিকারের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ দল। পেনাল্টি থেকে গোল করেছেন প্রিন্স দুবে। প্রথমার্ধের মাঝামাঝি সময় তিনি গোল করে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ এসেছিল ভারতীয় ফুটবল দলের কাছে। কিন্তু ম্যাচে ফেরার সম্ভব হয়নি।
বলাবাহুল্য, ম্যাচের প্রথম থেকেই বেশকিছুটা সাবধানী ভাবে শুরু করতে দেখা গিয়েছিল দুই দলকে। যারফলে দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকলেও পরবর্তীতে প্রতিপক্ষের ফুটবলারকে ডি বক্সে আটকাতে গিয়ে গুরুতর ফাউল করে বসেন ভারতীয় ফুটবলার ফারুক চৌধুরী। সেখান থেকেই পেনাল্টি আদায় করে নেয় জিম্বাবুয়ে। ৩৪ মিনিটের মাথায় সেখান থেকেই গোল তুলে নেয় প্রতিপক্ষ দল। চেষ্টা করে ও সেটি আটকাতে ব্যর্থ থাকেন ভারতীয় গোলরক্ষক।
যারফলে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে চাপ বাড়িয়ে গোল তুলে নিতে তৎপর ছিল ব্লু-টাইগার্সরা। কিন্তু বেশ কয়েকবার গোল করার মত পরিস্থিতি তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেননি খালিদের ছেলেরা। নির্ধারিত ৯০ মিনিটের শেষ দশ মিনিট বাকি থাকতে মাঠে আসেন ভারতীয় ফুটবলার এডমুন্ড লালরিন্ডিকা। একবার তাঁর কাছে গোল করার মত পরিস্থিতি তৈরি হলেও দক্ষতার সাথে সেটি ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার।
নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু বদলায়নি ফলাফল। যার ফলে চতুর্থ স্থানে থেকেই ইউনিটি কাপে অভিযান শেষ করল ভারতীয় ফুটবল দল।




















