গিলের সেঞ্চুরিতে ফাইনালে গুজরাত, অপেক্ষায় ‘কিং বনাম প্রিন্স’ মহারণ

শুভমান গিলের দুরন্ত শতরানে ২১৫ রানের লক্ষ্য তাড়া করে রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে উঠল Gujarat Titans।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
shubman-gill-century-takes-gujarat-titans-to-ipl-final-vs-rcb

মুলানপুরের পিসিএ স্টেডিয়ামে শুক্রবার যেন আরও একবার প্রমাণ হল, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও রানই আর নিরাপদ নয়। ২১৫ রানের বিশাল লক্ষ্যও অনায়াসে টপকে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। অধিনায়ক শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরির সৌজন্যে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে জায়গা করে নিল গুজরাট। ফলে রবিবারের ফাইনালে ক্রিকেটপ্রেমীরা দেখতে চলেছেন বহু প্রতীক্ষিত ‘কিং বনাম প্রিন্স’ দ্বৈরথ।

ম্যাচ শুরুর আগেই অবশ্য ঘটে অদ্ভুত এক ঘটনা। টসে প্রথমে কয়েন ছোড়েন শুভমান গিল। কিন্তু রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ কী কল করেছেন, তা স্পষ্টভাবে শুনতে পাননি ম্যাচ রেফারি। ফলে প্রথম টস বাতিল করে আবার টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমবার টেল পড়ে গিল জিতলেও দ্বিতীয়বার হেড পড়ে যায় রিয়ানের পক্ষে। ফলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস।

   

তবে শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। দ্রুত ফিরে যান যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল। চাপে পড়ে যাওয়া দলকে এরপর টেনে তোলেন বৈভব সূর্যবংশী এবং রবীন্দ্র জাডেজা। দু’জনে মিলে গড়ে তোলেন ১২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। শুরুতে অনেকটাই ধীরস্থির ছিলেন বৈভব। আগের ম্যাচের বিধ্বংসী ইনিংসের বদলে এদিন তাঁকে দেখা গেল অনেক বেশি পরিণত ব্যাটিং করতে। ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। যা এবারের আইপিএলে তাঁর সবচেয়ে ধীরগতির পঞ্চাশ।

তবে হাফসেঞ্চুরির পরই যেন নিজের স্বাভাবিক ছন্দে ফেরেন তরুণ ব্যাটার। একের পর এক বাউন্ডারি ও ছক্কায় গুজরাত বোলারদের চাপে ফেলতে শুরু করেন। একসময় মনে হচ্ছিল শতরান নিশ্চিত। কিন্তু ৯৬ রানে এসে থামতে হয় তাঁকে। কাগিসো রাবাডার শর্ট বলে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের ৪৭ বলে ৯৬ রানের ইনিংস দেখে গোটা মাঠ দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানায়।

অন্যদিকে রবীন্দ্র জাডেজা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৫ রানে। শেষদিকে ডোনোভান ফেরেরা ঝড় তোলেন। রশিদ খানের শেষ ওভারে চারটি বিশাল ছক্কা মেরে রাজস্থানকে ২০০ রানের গণ্ডি পার করান তিনি। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তোলে ২১৪ রান।

কিন্তু এত বড় রানও গুজরাতকে চাপে ফেলতে পারেনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে নামেন শুভমান গিল এবং সাই সুদর্শন। দুই ওপেনারের ব্যাটে কোনও সময়েই ম্যাচে ফিরতে পারেনি রাজস্থান। ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি গুজরাতের নিয়ন্ত্রণে চলে যায়। প্রথম উইকেটে ওঠে ১৬৭ রানের দুরন্ত জুটি।

বিশেষ করে গিল ছিলেন অনবদ্য ছন্দে। রাজস্থানের বোলারদের বিরুদ্ধে চারদিকেই শট খেলেছেন তিনি। সুদর্শনও সমানভাবে সঙ্গ দেন অধিনায়ককে। ফলে রান তাড়ার চাপ কখনওই অনুভব করেনি গুজরাত। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

এই জয়ের ফলে আইপিএলের ফাইনালে জায়গা নিশ্চিত করল গুজরাত টাইটান্স। আর ক্রিকেটবিশ্ব অপেক্ষা করছে এক মহারণের, যেখানে মুখোমুখি হবেন বর্তমানের ‘প্রিন্স’ শুভমান গিল এবং ক্রিকেটের ‘কিং’ বিরাট কোহলি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google