নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এবং সিবিএসই (CBSE)-র খাতা মূল্যায়ন ঘিরে দেশজুড়ে যখন ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি বা SSC GD কনস্টেবল নিয়োগ পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে চরম বিশৃঙ্খলা, প্রযুক্তিগত ত্রুটি, অস্বাভাবিক ভিড় এবং পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এই পরিস্থিতিকে দেশের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার গভীর সংকট বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, মোদী সরকারের আমলে দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। পরপর জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে যেভাবে অনিয়ম ও অব্যবস্থার অভিযোগ উঠছে, তাতে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলেই দাবি করেন তিনি।
অভিষেকের কথায়, “দেশের যুবসমাজ কঠোর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। দিনের পর দিন পড়াশোনা করে, ঘুম বিসর্জন দেয়, পরিবার নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালায়। কিন্তু বিনিময়ে তারা পাচ্ছে কী? শুধু প্রশ্নফাঁস, দুর্নীতি, প্রযুক্তিগত ব্যর্থতা এবং ভেঙে পড়া একটি সিস্টেম।” (Abhishek Banerjee) তাঁর দাবি, শুধু NEET বা CBSE নয়, SSC GD পরীক্ষাতেও একই ধরনের বিশৃঙ্খলা দেখা গিয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, অনেক কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। কোথাও সার্ভার সমস্যা, কোথাও পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত ভিড়, আবার কোথাও দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরীক্ষা দিতে না পারার মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে বহু পরীক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগ।
তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের বক্তব্য, দেশের যুবসমাজের সঙ্গে এই ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর মতে, শিক্ষা ও চাকরির পরীক্ষাগুলির স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা আজ প্রশ্নের মুখে। একের পর এক বিতর্কের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) আরও বলেন, “যুবসমাজের পরিশ্রম, স্বপ্ন এবং আত্মত্যাগকে বারবার অপমান করা হচ্ছে। পরীক্ষার নামে শুধু বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যারা দেশের ভবিষ্যৎ, তাদের সঙ্গেই আজ সবচেয়ে বেশি অবিচার করা হচ্ছে।”
তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে “পদ্ধতিগত ধ্বংসলীলা”-র অভিযোগও তোলেন। তাঁর দাবি, শিক্ষা ও নিয়োগ প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। পরীক্ষাগুলির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ দেওয়ার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা বারবার সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় স্তরের পরীক্ষা নিয়ে লাগাতার বিতর্ক আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।




















