সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামী ২৮শে মে থেকে ইউনিটি কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জ্যামাইকা ফুটবল দল। প্রায় বছর চব্বিশ পর ইংল্যান্ডের মাটিতে নামতে চলেছে ব্লু-টাইগার্স। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। তবে ম্যাচটা যে সহজ হবে না সেটা বলাই চলে। তার উপরে শেষ মুহূর্তে একাধিক তারকা ফুটবলারদের না পাওয়া নিঃসন্দেহে বাড়তি চ্যালেঞ্জ থাকছে খালিদ জামিলের কাছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় ভারতীয় ফুটবল দলের হেড কোচকে।
Read More: লাল-হলুদকে ভারত সেরা করে নেটমাধ্যমে কী লিখলেন রশিদ?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ আমরা সেই সমস্ত ফুটবলারদের দলে নিয়েছি যারা এবারের ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। সেই দিক খতিয়ে দেখেই আমরা আমাদের চূড়ান্ত দল সাজাবো। যে সক্রিয়তা দেখাবে সেই সুযোগ পাবে।’ আরও বলেন, ‘এখানে এসে এই টুর্নামেন্টে খেলতে পারাটা আমাদের জন্য খুবই ভালো। জ্যামাইকা নিঃসন্দেহে একটি শক্তিশালী দল, কিন্তু আমরা ভালো করার জন্য আমাদের সেরাটা চেষ্টা করব। আমরা প্রথম ম্যাচের দিকেই মনোনিবেশ করছি। তারপর আমরা পরের ম্যাচ নিয়ে ভাবব। আমরা ধাপে ধাপে এগোতে চাই।’
উল্লেখ্য, কিছুদিন আগেই শেষ হয়েছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। যেখানে শেষ পর্যন্ত বাজিমাত করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ইন্টার কাশীকে পরাজিত করে প্রথমবারের মতোই খেতাব ঘরে তুলেছে কলকাতা ময়দানের এই প্রধান। সেই দল থেকেই এবার রয়েছেন জিকসন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকার মতো ফুটবলাররা। এছাড়াও মোহনবাগান তাঁদের ফুটবলারদের ফিরিয়ে আনায় পরিবর্ত হিসেবে বেশ কিছু ফুটবলারদের ডাকা হয়। এডমুন্ড বলেন, ‘ এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ এবং একটি দারুন অভিজ্ঞতা ভরপুর হতে চলেছে। এটি ফিফা তালিকায় এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে নিজেদের যাচাই করার একটি সুযোগ। আমরা ইতিবাচক ফলাফল পাওয়ার জন্য আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’




















