
Kolkata, May 23: টুর্নামেন্টের ৬৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব ও লখনউ। পঞ্জাবের জন্য এটি ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাবশালী ব্যাটিং করে দলকে জেতালেন অধিনায়ক শ্রেয়স আয়ার। ১২ বল বাকি থাকতেই ৭ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে পঞ্জাব। ফলে ১৫ পয়েন্ট নিয়ে তারা উঠে এল চতুর্থ স্থানে। পাশাপাশি বাঁচিয়ে রাখল শেষ চারে ওঠার আশা।
এদিন টসে জিতে পঞ্জাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাট করে লখনউ ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। এই রানে সর্বোচ্চ অবদান রাখেন যশ ইঙ্গলিশ। তাঁর ৪৪ বলে ৭২ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়। তিনি আউট হওয়ার পর আর কেউ ব্যাট হাতে বিশেষ চমক দেখাতে পারেনি। আয়ুশ বাদোনি চেষ্টা করলেও তিনি ৪৩ রান করেই সাজঘরে ফেরেন। এছাড়া অবদান রাখেন আব্দুল সামাদ (৩৭), ঋষভ পন্থ (২৬), অর্জুন তেন্ডুলকর (৫), নিকোলাস পুরান (২), মুকুল চৌধুরী (১)।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই প্রিয়ংশ আর্য্য -এর উইকেট পড়লেও সামলেন নেন সতীর্থরা। মাটি কামড়ে পড়ে থাকেন পঞ্জাবের ব্যাটাররা। এই জয়ের মূল কান্ডারী অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর ৫১ বলে ১০১ রানের (অপরাজিত) ইনিংস গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয় এনে দিয়েছে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কায়। এছাড়া প্রভসিমরানের ব্যাটিংও শ্রেয়সকে সঙ্গ দেয়। তিনি ৩৯ বলে ৬৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া অবদান রাখেন কুপার কনোলি (১৮) ও সূর্যংশ (৯)।
এদিন পঞ্জাবের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল। এছাড়া ১টি করে উইকেট তোলেন এ. ওমারজাই এবং শশাঙ্ক সিং। উল্টোদিকে, লখনউয়ের বোলিং ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। ২টি উইকেট নেন মহম্মদ শামি ও ১টি উইকেট ঝুলিতে পুরেছেন অর্জুন তেন্ডুলকর। এছাড়া বাকিরা ব্যর্থ।













