Kolkata, May 20: গাণিতিকভাবে এখনো রয়েছে প্লে-অফের আশা। তাই আজ পুরোপুরি নতুন উদ্যমে ঘরের মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স, যাদের এই মরসুমে আর হারানোর কিছু নেই। বুধবার (২০ মে) ইডেন গার্ডেনসে প্রতিদ্বন্দ্বিতা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
আইপিএল ২০২৬ এ ধুঁকতে থাকা কলকাতা গত কয়েক ম্যাচে উল্লেখযোগ্যভাবে টুর্নামেন্টে ফিরেছে। নতুন করে তৈরি করেছে প্লে-অফে যাওয়ার আশা। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা রয়েছে অষ্টম স্থানে। বাকি আর দুটি ম্যাচে ৪ পয়েন্ট জোগাড় করতে পারলে প্লে অফের স্বপ্ন সত্যি হবে নাইটদের। তার জন্য অবশ্য শেষ চারে দৌড়ে থাকা দলগুলিকে আগামী ম্যাচগুলিতে হারতে হবে। পাশপাশি নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে শাহরুখ খানের দলের। তাই বলতে গেলে, এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য ‘ডু অর ডাই’।
অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আগেই শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ১২ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। তাই রোহিত শর্মারা রয়েছে নবম স্থানে। এমতাবস্থায় আজ তিনবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শুধু মান রক্ষার্থে মাঠে নামবে মুম্বই সঙ্গে নিজেদের সবটা দিয়ে কেকেআর-কে রুখতে চাইবে তারা। কলকাতার ঘরের মাঠে তাদেরই পরাজিত করতে পারলে হারিয়ে যাওয়া মান ফিরে পাবে মুম্বই।
পরিসংখ্যানের বিচারে, আইপিএল ইতিহাসে কলকাতা ও মুম্বই – এই দুই দল মোট ৩৬ বার একে অপরকে মোকাবেলা করেছে। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড চমৎকার। তারা ২৫টি ম্যাচ জিতে মুখোমুখি সংঘর্ষে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে কলকাতা নাইট রাইডার্স ১১টি জয় পেয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। তাছাড়া তাপমাত্রা প্রায় ৩২° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
পিচ হিসেবে ইডেন গার্ডেনস ব্যাটিংয়ের জন্য একটি চমৎকার উইকেট। এখানকার উইকেটটি ফ্ল্যাট এবং বোলারদের জন্য এতে তেমন কিছু নেই। এছাড়া এই মাঠের বাউন্ডারিগুলো ছোট এবং আউটফিল্ড অত্যন্ত দ্রুতগতির। তবে, পুরনো বলে স্পিনাররা কিছুটা সাহায্য পাবে।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, আংক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মনীশ পান্ডে, রিংকু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), নমন ধীর, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শেরফেন রাদারফোর্ড, উইল জ্যাকস, করবিন বশ, অশ্বনী কুমার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: রঘু শর্মা।

















