রোম: আন্তর্জাতিক কূটনীতির গম্ভীর নোটবুকে এবার লেখা হল দুই রাষ্ট্রপ্রধানের এক দারুণ মিষ্টি মুহূর্ত। পাঁচ দেশ সফরের পঞ্চম তথা শেষ দফায় বুধবার ইতালির রাজধানী রোমে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে পৌঁছানোর পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে ভারতের অত্যন্ত জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ (Parle’s Melody) চকলেটের একটি প্যাকেট উপহার হিসেবে তুলে দিলেন তিনি। দুই নেতার এই মিষ্টি আদানপ্রদানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। (Modi gifts Melody chocolate to Giorgia Meloni)
‘ভেরি ভেরি গুড টফি!’
চকলেটের প্যাকেট হাতে সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে মেলোনি লিখেছেন, “উপহারের জন্য ধন্যবাদ।” ভিডিওতে মেলোনিকে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য একটা উপহার এনেছেন… দারুণ, দারুণ একটা টফি!” পাশে দাঁড়িয়ে হাসিমুখে মোদী জবাব দেন, “মেলোডি।” এরপরই দুজনে চকলেটের প্যাকেটটি ক্যামেরার সামনে তুলে ধরে একসঙ্গে হেসে ওঠেন। উল্লেখ্য, মোদী এবং মেলোনির বন্ধুত্বের সমীকরণকে নেটিজেনরা দীর্ঘদিন ধরেই ‘Melodi’ হ্যাশট্যাগ দিয়ে উদযাপন করে আসছেন, ফলে এই উপহারের ব্র্যান্ড নির্বাচনটি সোশ্যাল মিডিয়ায় এক আলাদা মাত্রা যোগ করেছে।
রোমের কোলোসিয়ামে নৈশভোজ ও সেলফি
এর আগে রোমে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান মেলোনি। এক্স (টুইটার) হ্যান্ডেলে মোদীর সঙ্গে একটি চমৎকার সেলফি পোস্ট করে ইতালির প্রধানমন্ত্রী লেখেন, “রোমে স্বাগত, আমার বন্ধু!” এরপর দুই নেতাকে একসঙ্গে গাড়ি চড়ে ঘুরতে এবং রোমের ঐতিহাসিক কোলোসিয়াম (Flavian Amphitheatre) পরিদর্শনেও দেখা যায়। রাতে এক রাজকীয় নৈশভোজে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা করেন তাঁরা।
চলতি সফরে মোদীর অন্যান্য ব্যস্ততা
ইতালি সফরের অংশ হিসেবে মেলোনির পাশাপাশি সে দেশের প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গেও বৈঠক করবেন মোদী। এছাড়া রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-র সদর দফতরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর, যেখানে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা হবে। ২০২৫-২০২৯ সালের যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার মাধ্যমে ভারত ও ইতালির সম্পর্ক যখন এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, ঠিক তখনই ‘মেলোডি’ চকলেটের এই উপহার দুই দেশের কূটনৈতিক রসায়নকে আরও মধুর করে তুলল।




















