Kolkata, May 19: বাইশ গজের দাপুটে চরিত্র বিরাট কোহলি। দেশে – বিদেশে তাঁর উপচেপড়া সমর্থক। খেলার মাঠে কিং কোহলিকে বেশিরভাগ সময় আগ্রাসী মেজাজেই দেখা যায়। তবে এবার তাঁর আরেকটি দিক চোখে পড়ল সবার। সেটাও তিনি নিজেই প্রকাশ্যে আনলেন।
বেঙ্গালুরুর ‘সেন্টার অব এক্সেলেন্স’-এ আয়োজিত একটি বিশেষ সাক্ষাৎকারে প্রথমবার মানসিক চাপ নিয়ে মুখ খুললেন বিরাট। ‘লিডার্স’-এর সৌজন্যে আয়োজিত আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটের এই অনুষ্ঠানে কোহলি তাঁর ক্রিকেট জীবনের নেপথ্যের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেন।
এই সাক্ষাৎকারে বিরাটকে মানসিক ধকল ও বার্নআউট নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে বিরাট কিছুটা অবাক হয়েই বলেন, “আসলে এর আগে কেউ আমাকে এই প্রশ্নটি কখনও করেনি।” তরুণদের অনুপ্রেরণা বিরাট জানান যে, বছরের পর বছর ধরে লাগাতার সাফল্যের শীর্ষে থাকার তীব্র মানসিক চাপ একসময় তাঁকে ভেতর থেকে নিংড়ে নিয়েছিল।
তিনি আরও জানান, কেরিয়ারের সেরা ফর্মে থাকার সময়েও তিনি ‘ইম্পোস্টার সিনড্রোম’ বা নিজের যোগ্যতা নিয়ে এক ধরণের চোরা আত্মসংশয়ে ভুগতেন। এমনকি নেট সেশনেও মাঝেমধ্যে নিজেকে নিয়ে প্রশ্ন জাগত তাঁর মনে। এছাড়া কঠিন সময়ে তাঁর মেন্টরদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে এবং ক্রিকেটের আনন্দ ফিরে পেতে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তাঁকে অসম্ভব সাহায্য করেছিলেন।
এর আগে তিনি কখনো বার্নআউট বা মানসিক অবসাদ নিয়ে কথা বলেননি। এই প্রথমবার নিজেই নিজের পরিস্থিতির ব্যাখ্যা করলেন কোহলি। সব শেষে তিনি বলেন, এই মানসিক চাপ আসলেই তাঁকে নিজের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধির কৌশল অর্জন করতে সহায়তা করেছে। এখন তিনি নিজের আবেগ ও চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে শিখেছেন এবং নিজেকে অনেক শান্ত করতে পেরেছেন – যা তরুণ প্রজন্মের জন্য একটি ভালো অনুপ্রেরণা।




















