সায়ন সেনগুপ্ত, কলকাতা: আইএসএল তুমি কার? সেই উত্তর এখনও অজানা। বিগত বছর গুলির তুলনায় এবার বহু বিতর্কের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এবারের এই প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। শুরুটা সাধারণভাবে হলেও ধীরে ধীরে জমে উঠতে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ। আগামী ২১শে মে টুর্নামেন্টের অন্তিম ম্যাচে নামবে চ্যাম্পিয়নশিপে থাকা দল গুলি। একদিকে যখন কিশোর ভারতী স্টেডিয়ামে অভিজিৎ মন্ডলদের ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব অন্যদিকে, ঠিক তেমনভাবেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট।
গত ১৭ই মে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। যেখানে লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে এডমুন্ড লালরিন্ডিকা গোল করে দলকে এগিয়ে দিলে ও সেই ব্যবধান বজায় রাখতে পারেনি মশাল ব্রিগেড। বরং কয়েক মিনিটের ব্যবধানে গোল করে দলকে সমতায় ফিরিয়ে ছিলেন জেসন কামিন্স। পুরনো হিসাব অনুযায়ী সেই ম্যাচ জিতলেই ট্রফি নিশ্চিত হয়ে যেত যেকোনও এক দলের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। বর্তমানে যা পরিস্থিতি তাতে কোনও কিছুই অসম্ভব নয়। ইন্টার কাশীর বিরুদ্ধে ইস্টবেঙ্গল পরাজিত হলে কিংবা ড্র করলে অপরদিকে মোহনবাগান বিরাট বড় ব্যবধানে দিল্লি দলকে পরাজিত করলে চ্যাম্পিয়ন হয়ে যাবে মেরিনার্সরা।
এসবের মাঝেই আজ কয়েক ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইট থেকে একটি আবেগঘন পোস্ট করে বসেন বাগান সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেত্রাতোস। যেখানে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে স্টেডিয়ামে বেশকিছু মুহুর্তের কয়েকটি ছবির অনবদ্য এডিট আপলোড করেন এই অজি তারকা। যেখানে লেখা ‘দ্যা লাস্ট ডান্স।’ যা রীতিমতো নজর কেড়েছে সকলের। পূর্বে বেশ কয়েকবার তাঁর দল ছাড়ার কথা উঠে আসতে শুরু করেছিল বিভিন্ন মাধ্যম থেকে, তাহলে সেটাই কি সত্যি হতে চলেছে এবারের সিজনের শেষে। ক্রমশ জোড়ালো হচ্ছে সেই সম্ভবনা।




















