ভোটের মুখে ইডি-র ‘সার্জিক্যাল স্ট্রাইক’! আরও এক আই-প্যাক কর্তাকে তলব

দিল্লি: ভোটকুশলী সংস্থা আই-প্যাক (I-PAC)-এর ওপর সাঁড়াশী চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তলব করা হলো সংস্থার ডিরেক্টর ঋষি রাজ ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
ED summons I-PAC director

দিল্লি: ভোটকুশলী সংস্থা আই-প্যাক (I-PAC)-এর ওপর সাঁড়াশী চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তলব করা হলো সংস্থার ডিরেক্টর ঋষি রাজ সিংহকে। রবিবার সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সোমবারই তাঁকে দিল্লির সদর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কে এই ঋষি রাজ সিংহ?

আইআইটি কানপুরের প্রাক্তনী ঋষি রাজ সিংহ আই-প্যাকের জন্মলগ্ন থেকেই প্রশান্ত কিশোরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এইচএসবিসি বা ক্রেডিট সুইস-এর মতো নামজাদা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে কাজ করা ঋষি ২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট-রণকৌশল তৈরির অন্যতম কারিগর ছিলেন। শুধু বাংলা নয়, অন্ধ্রপ্রদেশে জগন মোহন রেড্ডির জয়ের নেপথ্যেও বড় ভূমিকা ছিল তাঁর।

   

আই-প্যাকে ইডির ধরপাকড় ED summons I-PAC director

এর আগে গত সোমবার আই-প্যাকের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে ইডি। দিল্লি পুলিশের একটি এফআইআরের সূত্র ধরে আর্থিক তছরুপের মামলায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। কয়লাকাণ্ড থেকে শুরু করে আর্থিক পাচার, একাধিক অভিযোগের তির এখন এই ভোটকুশলী সংস্থার দিকে। গত সপ্তাহেই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কলকাতার দফতরে তল্লাশি চালিয়েছে ইডি। প্রতীকের স্ত্রী ও ভাইকেও তলব করা হয়েছে।

কর্মীদের ছুটি ও রাজনৈতিক তরজা

তদন্তের এই আবহে আই-প্যাক তাদের পশ্চিমবঙ্গের কর্মীদের ২০ দিনের ছুটিতে পাঠিয়ে দিয়েছে বলে খবর। ১১ মে-র আগে পর্যন্ত তাঁদের কোনো কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থা জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই তলবকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছে। ঘাসফুল শিবিরের দাবি, নির্বাচনের মুখে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। তবে আই-প্যাক এখনও তৃণমূলের সঙ্গেই কাজ করছে বলে স্পষ্ট করেছে শাসকদল।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google