Kolkata, April 18: প্রতিবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং, অনবদ্য বোলিং এবং ফিল্ডিংয়ের সাক্ষী থাকে হাজার হাজার ভারতবাসী। ক্যাচিং এও নজর কাড়েন অনেক ক্রিকেটার। এই মরসুমে এভাবেই একটি ক্যাচ লুপে সকলকে স্তম্ভিত করে দেন শ্রেয়াস আইয়ার। এবার তাঁর ক্যাচের প্রশংসা করলেন স্বয়ং শচীন তেন্ডুলকর।
গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে একটি কঠিন ক্যাচ ধরে গোটা গ্যালারিকে স্তম্ভিত করে দেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স। মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে ১৮তম ওভারে মার্কো জানসেন বল করছিলেন। তাঁর একটি বল লং অফে হিট করেন হার্দিক পান্ডিয়া। বাউন্ডারির কাছে শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে সেই বল ধরে ফেলেন শ্রেয়াস।
কিন্তু বাউন্ডারির একদম কাছে থাকায় ভাসমান অবস্থায় বল জেভিয়ার বার্টলেটের দিকে ছুঁড়ে দেন। তিনিও বলটি ধরতে কোনো ভুল করেননি। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় মাঠের সকলে। ম্যাচ শেষে মজার ছলে শ্রেয়াস বলেন, ‘কেউ তো আর তারিফ করছে না। তাই নিজেই নিজেকে বাহবা দিচ্ছি এমন ক্যাচে অবদান রাখতে পেরে।’
শ্রেয়াস ও বার্টলেটের যৌথ প্রচেষ্টায় নেওয়া ক্যাচটির সাক্ষী থাকেন স্বয়ং ক্রিকেট গড শচীন তেন্ডুলকর।
পরবর্তীকালে তাঁদের প্রশংসা করে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাউন্ডারির পাশে দাঁড়িয়ে বলের গতি ও উচ্চতা অনুমান করে শরীর শূন্যে ভাসিয়ে যে ক্যাচ শ্রেয়স ধরেছে, তা এক কথায় অবিশ্বাস্য। হাওয়ার গতিবেগের বিষয়টিও মাথায় রাখতে হয়েছিল ওকে। আমার দেখা সেরা ক্যাচ।’




















