বারুদের স্তূপে কলকাতা! ভোটের ৫ দিন আগে রাজাবাজারে উদ্ধার ৬টি বন্দুক, কার্তুজ

কলকাতা: রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক পাঁচ দিন আগে খাস কলকাতার রাজাবাজার থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। শহরজুড়ে নির্বাচন কমিশনের কড়া নজরদারি ও পুলিশের নাকা ...

By Moumita Biswas

Published:

Follow Us
Kolkata arms seizure

কলকাতা: রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক পাঁচ দিন আগে খাস কলকাতার রাজাবাজার থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। শহরজুড়ে নির্বাচন কমিশনের কড়া নজরদারি ও পুলিশের নাকা তল্লাশির মাঝেই দিনের আলোয় অস্ত্র পাচারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর হাতে ধরা পড়েছে এক সন্দেহভাজন। তাঁর নাম মহম্মদ সোহেল আখতার৷

কীভাবে উদ্ধার?

শনিবার সকালে রাজাবাজার সায়েন্স কলেজের কাছে একটি বাসস্ট্যান্ডের সামনে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন এসটিএফ গোয়েন্দারা। তাঁকে আটক করে ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগ থেকে উদ্ধার হয় ৬টি সিঙ্গল শটার বন্দুক এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ। সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করে এসটিএফ এবং অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়।

   

তদন্তে গোয়েন্দারা Kolkata arms seizure

দিনের আলোয় জনবহুল এলাকায় ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে মহম্মদ সোহেল কোথায় যাচ্ছিলেন? এই অস্ত্রের গন্তব্য কোথায় ছিল এবং ভোটের আগে বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তিকে জেরা করে পাচার চক্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টা চলছে।

টাকা ও অস্ত্রের পাহাড়ে শহর

উল্লেখ্য, শুধু অস্ত্রই নয়, গত কয়েক দিনে কলকাতা ও হাওড়ায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। বালিগঞ্জ এলাকায় নাকা তল্লাশির সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, হাওড়া স্টেশনের কাছ থেকে আরপিএফ উদ্ধার করেছে ৭২ লক্ষেরও বেশি নগদ টাকা।

নির্বাচনের প্রাক্কালে একদিকে কোটি কোটি টাকা এবং অন্যদিকে তিলোত্তমার বুকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ধারাবাহিক ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শহর কি তবে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে? ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি আরও জোরদার করেছে লালবাজার।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google