এবার মমতার প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা! ফুঁসছে তৃণমূল

কলকাতা: তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের পর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রস্তাবকের বাড়িতে হানা দিল আয়কর দফতর। শুক্রবার দুপুরে এলগিন রোডের বাসিন্দা তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিরাজ শাহের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Miraj Shah Income Tax Raid

কলকাতা: তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের পর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রস্তাবকের বাড়িতে হানা দিল আয়কর দফতর। শুক্রবার দুপুরে এলগিন রোডের বাসিন্দা তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিরাজ শাহের বাড়িতে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। ভোটের মুখে এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাগিয়ে দিয়ে সরব হয়েছে তৃণমূল শিবির।

কে এই মিরাজ শাহ?

মিরাজ শাহ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য। সবথেকে বড় পরিচয়, ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মনোনয়ন জমা দিয়েছেন, মিরাজ সাহেব তাঁর অন্যতম প্রস্তাবক। আয়কর দফতর সূত্রের খবর, তাঁর গত ৫-১০ বছরের আয়ের উৎস ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ২০২২ সালেও একবার তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।

   

দেবাশিস কুমারের বাড়িতেও হানা Miraj Shah Income Tax Raid

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার প্রভাবশালী নেতা তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করে আয়কর বিভাগ। একটি নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তাঁর নাম জড়িয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। এমনকি তাঁর শ্বশুরবাড়ি ও শ্রমিক নেতা কুমার সাহার বাড়িতেও হানা দেন আধিকারিকরা।

বিস্ফোরক কুণাল ঘোষ

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রস্তাবককে উত্ত্যক্ত করা হচ্ছে। বিজেপি বুঝে গিয়েছে ওরা গোহারা হারছে, তাই নির্লজ্জের মতো রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।” তৃণমূলের স্পষ্ট দাবি, পরাজয় নিশ্চিত জেনেই কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে চাইছে গেরুয়া শিবির।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google