নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদের উত্তাপ চরমে তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার লোকসভায় দাঁড়িয়ে বিজেপির মহিলা প্রতিনিধিত্বের কঙ্কালসার চেহারাটা তথ্যের ভিত্তিতে তুলে ধরলেন তিনি। সেই সঙ্গে শাসক দলের সাংসদদের ‘মাঙ্কি টিম’ বলে কটাক্ষ করায় উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ।
পরিসংখ্যানে বিজেপিকে আক্রমণ
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, “বিজেপির ২৪০ জন লোকসভা সাংসদের মধ্যে মহিলা মাত্র ৩১ জন, যা শতাংশের হিসেবে মাত্র ১২.৯১। রাজ্যসভাতেও হার মাত্র ১৬.৯৮ শতাংশ। আপনারা তো নিজেদের দলেই মহিলাদের সম্মান দেন না, আবার এখানে লেকচার দিচ্ছেন!” এরপরই তৃণমূলের রেকর্ড তুলে ধরে তিনি বলেন, “আমাদের ২৯ জন লোকসভা সাংসদের মধ্যে ১১ জনই মহিলা, যা প্রায় ৪০ শতাংশ। ভারতের কোনো রাজনৈতিক দলের এই রেকর্ড নেই।”
মোদীকে চ্যালেঞ্জ Kalyan Banerjee Lok Sabha Speech
কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে কল্যাণের সাফ কথা, “চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনারা ৩৩ শতাংশের কথা বলছেন, আমরা বলছি ৫০ শতাংশ আসন সংরক্ষণ করে দিন, আমরা সমর্থন দেব।” সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “এতই যদি ইচ্ছে থাকে, তবে ২০২৭-এর উত্তরপ্রদেশ নির্বাচনে ৫০ শতাংশ মহিলা প্রার্থী দিয়ে দেখান, তবে বুঝব আপনাদের সদিচ্ছা আছে।”
‘মাঙ্কি টিম’ বিতর্ক ও সময় নিয়ে প্রশ্ন
বক্তব্য চলাকালীন বিজেপি সাংসদদের চিৎকারের মুখে কল্যাণের মেজাজি টিপ্পনি, “শ্রীরামের তো হনুমান টিম ছিল, মোদীজির তো মাঙ্কি টিম রয়েছে।” এই মন্তব্যে সংসদ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এছাড়াও অধিবেশন ডাকার সময় নিয়ে প্রশ্ন তুলে কল্যাণ বলেন, “এখন বাংলায় ভোট চলছে বলে অধিবেশন ডাকা হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ বা গুজরাতের ভোটের সময় সংসদ বন্ধ থাকে। এটি গণতন্ত্রের ওপর চরম আক্রমণ।”
বাংলার মডেল
বক্তব্যের শেষে তিনি মনে করিয়ে দেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই বাংলায় পঞ্চায়েত ও পুরসভায় ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করেছেন। কেন্দ্রের বর্তমান পদক্ষেপকে স্রেফ নির্বাচনী চমক হিসেবেই দেখছেন এই তৃণমূল সাংসদ।




















