গোয়া: হাই-সিকিউরিটি জেলের নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে ভেতরেই চলছিল মাদক পাচারের কারবার। আর এই চক্রের মাস্টারমাইন্ড খোদ এক পুলিশ কনস্টেবল! উত্তর গোয়ার কোলভালে সেন্ট্রাল জেলে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো সুমেশ মান্ড্রেকর নামে এক পুলিশকর্মীকে। এই ঘটনায় জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
কীভাবে চলত পাচার?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ ব্যাচের কনস্টেবল সুমেশ মান্ড্রেকর বেশ কিছুদিন ধরেই জেলের ভেতরে কয়েদিদের মাদক পৌঁছে দিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জেলের গেটেই ফাঁদ পাতেন তদন্তকারীরা। সুমেশ জেলে প্রবেশের সময় তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১.৬৫ কিলোগ্রাম গাঁজা। চারটি আলাদা প্যাকেটে মাদকগুলি ভাগ করা ছিল, যাতে নজর এড়িয়ে তা কয়েদিদের হাতে পৌঁছে দেওয়া যায়।
প্রশাসনের তৎপরতা Police constable arrested for drug smuggling
আটক করার পর অভিযুক্ত কনস্টেবলকে প্রিজন সুপারিনটেনডেন্ট সুচিতা দেশাইয়ের সামনে পেশ করা হয়। ধৃত সুমেশকে আপাতত পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলের মতো উচ্চ নিরাপত্তা যুক্ত এলাকায় কীভাবে এতদিন ধরে এই পাচার চলল এবং এর নেপথ্যে জেলের আরও কোনো কর্মী বা বড় কোনো ড্রাগ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উদ্বেগে প্রশাসন
গোয়ার কোলভালে সেন্ট্রাল জেল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারাগার। সেখানে একজন পুলিশকর্মীর এমন আচরণ প্রশাসনের অন্দরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। এই মাদক জেলের ভেতরে কোনো নির্দিষ্ট গ্যাংস্টার বা প্রভাবশালীর কাছে যাওয়ার কথা ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।




















