কলকাতা: অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচ শেষ করল ইস্টবেঙ্গল। আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে রায়ান উইলিয়ামসদের দলের বিরুদ্ধে খেলতে হয়েছিল অস্কার ব্রুজোর ছেলেদের। সম্পূর্ণ সময় শেষে ৩-৩ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। এদিন বেঙ্গালুরুর হয়ে গোল করেন যথাক্রমে আশিক কুরুনিয়ান, সুরেশ সিং এবার রায়ান উইলিয়ামস। অন্যদিকে, ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন যথাক্রমে আনোয়ার আলি, সাঈদ ক্রেসপো এবং অ্যান্টন সোজবার্গ। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দুই দল।
এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় চলে এসেছিল প্রথম গোল। লাল-হলুদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন আশিক কুরুনিয়ান। প্রথম পোস্টের কোনা থেকে বল চলে যায় গোলের মধ্যে। যারফলে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। তারপর সময় এগোনোর সাথে সাথেই আক্রমণের তেজ বাড়তে শুরু করে ইস্টবেঙ্গল। তারপর ২১ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল। বেঙ্গালুরু গোল বক্সে এসে দুরন্ত ব্যাকভলিতে গোল করে যান আনোয়ার আলি। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তারপর আক্রমণ প্রতিআক্রমণে উঠে আসতে গিয়ে মেজাজ হারাতে দেখা যায় দুই দলের ফুটবলারদের।
তারপর প্রতি আক্রমণে উঠে এসে ৩৯ মিনিটের মাথায় ফের গোল করে যায় বেঙ্গালুরু। গোলদাতা সুরেশ সিং। যারফলে ২-১ গোলে এগিয়ে কর্নাটকের এই ফুটবল ক্লাব। প্রথমার্ধে কর্নাটকের এই ফুটবল ক্লাব এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় অনবদ্য গোল করে যান সাউল ক্রেসপো। ম্যাচের ফলাফল তখন ২-২ গোল। তবে ফের বিপদ ঘটে ৭১ মিনিটের মাথায়। দাপুটে ফুটবলার রায়ান উইলিয়ামসকে অফসাইড ট্রাপে ফেলার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। লাল-,লুল গোলরক্ষক প্রভসুখান সিং গিল এগিয়ে এসেও সেটি আটকাতে পারেননি। যারফলে ফের গোল হজম করে ইস্টবেঙ্গল।
তবে শেষ মুহূর্তে প্রতিপক্ষ দলকে আটকে দেয় মশাল ব্রিগেড। পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল করে যান অ্যান্টন সোজবার্গ। বলাবাহুল্য, লাল-হলুদ জার্সিতে নিজের প্রথম গোল করে যান ডেনমার্কের এই ফুটবলার। ম্যাচশেষে জার্সি খুলে উচ্ছাসে মাততে দেখা যায় তাঁকে।




















