নয়ডার শ্রমিক বিক্ষোভে ‘পাক-যোগ’! ৩৫০ জনকে গ্রেফতার করল পুলিশ

নয়াদিল্লি: নয়ডায় শ্রমিক বিক্ষোভ এবং হিংসার ঘটনা নিছক কোনও স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এর নেপথ্যে রয়েছে ‘পাকিস্তানের মদতপুষ্ট’ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র! উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর সোমবার এমনই বিস্ফোরক দাবি ...

By Moumita Biswas

Published:

Follow Us
Noida protest Pakistan conspiracy

নয়াদিল্লি: নয়ডায় শ্রমিক বিক্ষোভ এবং হিংসার ঘটনা নিছক কোনও স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এর নেপথ্যে রয়েছে ‘পাকিস্তানের মদতপুষ্ট’ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র! উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর সোমবার এমনই বিস্ফোরক দাবি করেছেন। অশান্তি ছড়ানোর অভিযোগে পুলিশ ইতিমধ্যেই প্রায় ৩৫০ জনকে গ্রেফতার করেছে এবং ১০০ জনেরও বেশি জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত নয়ডা। সোমবার তা চরমে পৌঁছায়। ৪৪-৪৫ হাজার শ্রমিক রাস্তায় নামলে একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ে শ্রমমন্ত্রী জানান, সম্প্রতি মিরাট ও নয়ডা থেকে চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, যাদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। মন্ত্রীর দাবি, রাজ্যে অস্থিরতা তৈরি করা এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কর্মসূচি বানচাল করতেই দেশবিরোধী শক্তিগুলি এই পরিকল্পিত হিংসা ছড়িয়েছে।

   

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার লক্ষ্মী সিং জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার পর বহিরাগতদের একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, পড়শি রাজ্য হরিয়ানার ধাঁচে বেতন বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির সুরাহার দাবিতেই পথে নেমেছিলেন শ্রমিকরা। প্রশাসন জানিয়েছে, শ্রমিকদের ৫টি দাবির মধ্যে ৪টি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে এবং বাকি সমস্যা সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রস্তুত বলে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google